প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২০ পিএম

দুবাইয়ে আসন্ন ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে আবারও চরম উত্তেজনা। যুদ্ধ-পরবর্তী প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। এই ম্যাচকে অনেকে বলছেন প্রকৃত ক্রিকেট যুদ্ধ।
ম্যাচের আগেই এক সাবেক ভারতীয় ক্রিকেটার বিতর্কিত মন্তব্য করেছেন। তাঁর মতে, পাকিস্তানকে হারাতে ভারতের মূল একাদশেরও দরকার নেই; ভারতের ‘বি’ দলই যথেষ্ট।
অন্যদিকে গ্যালারি পূর্ণ না হওয়ার গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক পেস তারকা শোয়েব আখতার। তিনি বলেন, “যুদ্ধের পর এটি হবে প্রথম ভারত-পাকিস্তান ম্যাচ। আবেগ স্বাভাবিকভাবেই বেশি থাকবে। কেউ আমাকে বলেছে এখনও টিকিট অবিক্রিত আছে, আমি বলেছি—এটা কিভাবে সম্ভব?”
তবে রাজনৈতিক মহলে ভিন্ন সুর। শিবসেনার প্রধান ও মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী আদিত্য ঠাকরে বিসিসিআইয়ের সমালোচনা করে বলেন, “যুদ্ধ আর খেলা একসঙ্গে চলতে পারে না। এটি নিছক ভণ্ডামি। বিসিসিআই দেশপ্রেমকে ব্যবসায় পরিণত করেছে। তাদের কাছে টাকা ছাড়া আর কিছুই গুরুত্বপূর্ণ নয়।”
এদিকে সাবেক ক্রিকেটার অতুল ওয়াসান মনে করেন, বর্তমান পাকিস্তান দল ভারতের সমকক্ষ নয়। তাঁর ভাষায়, “সময় বদলে গেছে। ভারতের ‘বি’ দলই খুব সহজে পাকিস্তানকে হারাতে সক্ষম। নব্বইয়ের দশকে আমরা যখন পাকিস্তানের বিপক্ষে খেলতাম, তখনকার দল অনেক শক্তিশালী ছিল।”
এশিয়া কাপের এই আসর নিয়েও বিতর্ক রয়েছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান পাকিস্তানি মহসিন নাকভি হওয়ায় বিসিসিআইয়ের ভেতরে কিছুটা বয়কটের ছাপও দেখা যাচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ