প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৩ পিএম

সংগৃহীত ছবি
আধুনিক ক্রিকেট কোচিংয়ে মান উন্নয়নের লক্ষ্য নিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী কোচিং কোর্স, যা আজ (বুধবার) থেকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। কোর্সে অংশ নিয়েছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিস ও মাহমুদউল্লাহ রিয়াদ। এ ছাড়া বর্তমানে কোচিংয়ে সক্রিয় হান্নান সরকার ও রাজিন সালেহরাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই কোর্সকে দেশের ক্রিকেটে নতুন মেরুকরণ হিসেবে দেখছেন। তিনি জানিয়েছেন, প্রথমে লক্ষ্য হচ্ছে দেশের সাবেক ক্রিকেটারদের স্পেশালিস্ট ব্যাটিং কোচ হিসেবে তৈরি করা।
বুলবুল বলেন, আমাদের ইমার্জিং টিম, আন্ডার-১৯ টিম, এজ গ্রুপ এবং ন্যাশনাল টিম আছে। সবার জন্য আমাদের প্রয়োজন স্পেশালিস্ট ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ। তাই আমরা প্রথম ধাপে ব্যাটিং কোচের ওপর ফোকাস করছি। যে দুজনকে নিয়ে এসেছি, আমার চোখে তারা বিশ্বের সেরা।
তিনি আরও বলেন, এখানে ১২ জন টেস্ট ক্রিকেটার আছেন, খেলছে এবং অনেকে অবসর নিয়েছে। সবাই আন্তর্জাতিক ওয়ানডে খেলা ক্রিকেটার। যখন মাহমুদউল্লাহ বা আশরাফুলের মতো খেলোয়াড়রা শেখেন কিভাবে খেলোয়াড়ের সমস্যার সমাধান করতে হবে, তখন খেলতে খেলতে নিজেরাও উন্নতি করতে পারেন। এতে তারা আরও দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে উঠবেন।
বুলবুল এই আয়োজনকে সাবেক ক্রিকেটারদের কোচিংয়ে যুক্ত করার প্রথম ধাপ হিসেবে দেখছেন। তিনি বলেন, রিয়াদ, শাহরিয়ার নাফিস, আশরাফুল, রাজিন, এরা সবাই সফল টেস্ট ক্রিকেটার। আন্তর্জাতিক খেলার অভিজ্ঞতা থাকলেও কোচিং অভিজ্ঞতা নেই। কোচিং কোর্সের সঙ্গে তাদের খেলার অভিজ্ঞতা মিলিয়ে দেওয়ায় এক ধরনের বিরল সমন্বয় তৈরি হবে, যা আন্তর্জাতিক মানের হতে পারে।