প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩১ পিএম আপডেট: ১০.০৯.২০২৫ ৩:৪০ PM

ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সাবিকুন নাহার তামান্না।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার পর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ ফল ঘোষণা করা হয়। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১০ হাজার ৮৪টি। সদস্য পদে এটিই সর্বোচ্চ ভোট।
তবে প্রশ্ন হলো কে এই তামান্না?
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রীসংস্থার সভানেত্রীর দায়িত্ব পালন করছেন।
তবে, নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ প্রচারণা বোর্ডে থাকা প্যানেলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী সাবিকুন নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়।
এরই প্রেক্ষিতে ২৬ আগস্ট নিজের ফেসবুক আইডিতে ভাঙচুরের ছবিটি শেয়ার করে লেখেন, ‘স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না।’
সে সময় তামান্নার ছবি এমনভাবে বিকৃত করাকে নারীর পোশাক স্বাধীনতা ও নারীর প্রতি বিদ্বেষী মনোভাবের প্রকাশ উল্লেখ করে প্রতিবাদ জানান ঢাবি শিক্ষার্থীরা।
এদিকে দীর্ঘ ছয় বছর পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনভর শিক্ষার্থীদের অংশগ্রহণ, উচ্ছ্বাস ও উত্তেজনায় অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। শিক্ষার্থীদের বিপুল অংশগ্রহণে ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ডাকসু ও হল সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ডাকসুর ২৮টি পদে মোট ৪৭১ প্রার্থীর বিপরীতে মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।
এছাড়া নারী প্রার্থী ছিলেন ৬২ জন। সহ সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন এবং এজিএস পদে ৪ জন ছিলেন।
স্বদেশ প্রতিদিন/শাহো