প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২২ AM আপডেট: ১০.০৯.২০২৫ ৯:৩৩ এএম

নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দেশে ফেরা সাময়িকভাবে বিলম্বিত হয়েছে। দলের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে বাংলাদেশ সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সময় বিকেল ৩টায় দলের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হওয়ার কথা থাকলেও, নেপালের রাজনৈতিক পরিস্থিতি এবং বিক্ষোভের কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ সব ফ্লাইট বাতিল করে দেয়। ফলে খেলোয়াড় ও কর্মকর্তারা আপাতত টিম হোটেলেই অবস্থান করছেন।
দলের নিরাপত্তা ও নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রধান উপদেষ্টার দপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং নেপালে বাংলাদেশ দূতাবাসের মধ্যে নিয়মিত সমন্বয় চলছে। দ্রুততম সময়ে দলের দেশে ফেরাতে সবধরনের কূটনৈতিক ও প্রশাসনিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
নেপালের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে দেশটির প্রধানমন্ত্রীর পদত্যাগের পর উদ্ভূত বিক্ষোভ ও নিরাপত্তাজনিত সমস্যার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং টিম ম্যানেজার আমের খানের সঙ্গে ফোনে যোগাযোগ করে দলের সদস্যদের খোঁজখবর নিয়েছেন। তিনি আশ্বস্ত করেছেন যে, খেলোয়াড় ও কর্মকর্তাদের দেশে ফেরাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা সরকার গ্রহণ করছে।
স্বদেশ প্রতিদিন/এমএম