প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৩ AM আপডেট: ১০.০৯.২০২৫ ৯:২৬ এএম

ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল কেন্দ্রের নির্বাচনে ছাত্রশিবিরের প্রার্থীরা ভোটে ভরাডুবির শিকার হয়েছেন। তিনটি পদেই শিবিরের প্রার্থীরা হাতেগোনা ভোট পেয়েছেন।
ভিপি পদে শিবিরের প্রার্থী সাদিক কায়েম পেয়েছেন মাত্র ১০ ভোট। অন্যদিকে ছাত্রদলের আবিদ ১ হাজার ২৭৬ ভোট পেয়ে পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী উমামা পেয়েছেন ২৮৭ ভোট, শামিম ১৭১, বাগছাসের কাদের ২১ এবং ইয়ামিন মোল্লা ৫ ভোট।
জিএস পদে শিবিরের ফরহাদ পেয়েছেন মাত্র ৫ ভোট। এই পদে বাম প্রার্থী মেঘমল্লার বিপুল ব্যবধানে এগিয়ে থেকে পেয়েছেন ১ হাজার ১৭০ ভোট। ছাত্রদলের হামিম পেয়েছেন ৩৯৮ ভোট, আরাফাত ১৬৯, বাগছাসের বাকের ২৭ এবং আশিক ৭ ভোট।
এজিএস পদে শিবিরের মহিউদ্দিন পেয়েছেন মাত্র ৭ ভোট। এ পদে ছাত্রদলের মায়েদ পেয়েছেন সর্বাধিক ১ হাজার ১০৭ ভোট।
জগন্নাথ হলের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “শিবির এখানে কার্যত নিষ্ক্রিয়। শিক্ষার্থীরা তাদের সঙ্গে নিজেদের ভবিষ্যৎ নিরাপদ মনে করে না। তাই তারা ভোটের মাঠে প্রভাব ফেলতে ব্যর্থ।”
আরেকজন শিক্ষার্থী বলেন, এ হলের হিন্দুধর্মাবলম্বী এবং সংখ্যালঘু শিক্ষার্থীরা শিবির বিদ্বেষী হওয়ায় এমনটা হতে পারে। তারা শিবিরের প্যানেল ছাড়া বাকি সবাইকে ভোট দিয়েছে।
পর্যবেক্ষকরা বলছেন, ক্যাম্পাসে দীর্ঘদিনের অনুপস্থিতি, সাংগঠনিক দুর্বলতা এবং এই হলটির শিক্ষার্থীদের মনে নেতিবাচক ভাবমূর্তির কারণে শিবিরের প্রার্থীরা এমন ভরাডুবির শিকার হয়েছেন।
স্বদেশ প্রতিদিন/এনআর