প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৫ পিএম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফলে গড়মিল ও অসঙ্গতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে তথ্য-প্রমাণ চেয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আমিনুল হক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, কেউ ফলাফলে গড়মিল বা অসঙ্গতির সুনির্দিষ্ট তথ্য দিতে চাইলে আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে তা লিখিতভাবে প্রমাণসহ জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তথ্যদাতার নাম ও পরিচয় গোপন রাখা হবে। তথ্য যাচাই-বাছাইয়ের জন্য কোডিং-ডিকোডিং পদ্ধতি অনুসরণ করা হবে।
তবে বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, কেউ যদি মিথ্যা বা অসত্য তথ্য দেন, তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, ‘সম্প্রতি কয়েকটি বিভাগের ফলাফলে অসঙ্গতির অভিযোগ পেয়েছি এবং কিছু ক্ষেত্রে এর সত্যতাও মিলেছে। একাডেমিক ফলাফলের এ ধরনের সমস্যা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।’
তিনি আরও বলেন, ‘যারা সত্যিকারের তথ্য দেবেন, তাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। আশা করি শিক্ষার্থীরা এ ব্যাপারে সহযোগিতা করবেন।’
স্বদেশ প্রতিদিন/এমএম