প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩১ পিএম আপডেট: ০২.০৯.২০২৫ ১২:৫০ এএম

ঢাকা জেলা ও মহানগর দায়রা জজ আদালতের নতুন বিচারক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলামকে ঢাকা জেলা ও দায়রা জজ পদে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, ঢাকা জেলা ও দায়রা জজ মো. সাব্বির ফয়েজকে ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়াও বদলি ও পদায়নের আওতায় ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মোহাম্মদ হালিম উল্ল্যাহ চৌধুরীকে সিলেট জেলা ও দায়রা জজ পদে এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, ঢাকা’র পরিচালক সৈয়দ আজাদ সুবহানীকে আইন ও বিচার বিভাগ, ঢাকা’র সলিসিটর পদে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের আইন উপদেষ্টা মো. বজলুর রহমানকে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে সিলেট জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, ঢাকা’র পরিচালক পদে বদলি করা হয়েছে।
এ ছাড়া মৌলভীবাজার জেলা ও দায়রা জজ মো. খাদেম উল কায়েসকে আইন ও বিচার বিভাগে যুগ্মসচিব পদে, সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনকে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ পদে, ভোলা জেলা ও দায়রা জজ এ. এইচ. এম. মাহমুদুর রহমানকে রাজশাহী জেলা ও দায়রা জজ পদে পদায়ন করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী মহানগর দায়রা জজ আল আসাদ মো. আসিফুজ্জামানকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা (প্রশিক্ষণ) পরিচালক পদে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এ নিয়োগ ও বদলিগুলো অবিলম্বে কার্যকর হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ