
ফাইল ছবি
ইসলামি ঐতিহ্য ও প্রত্ননিদর্শন ধ্বংসের উদ্দেশ্যে আল-আকসা মসজিদের নিচে গোপনে খনন চালাচ্ছে ইসরায়েল, এমন অভিযোগ তুলেছে ফিলিস্তিনি প্রশাসন।
সোমবার (১ সেপ্টেম্বর) তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ অভিযোগের কথা উঠে আসে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, ইসরায়েল পূর্ব জেরুজালেমে অবস্থিত এই ঐতিহাসিক স্থানটির ইসলামি পরিচয় মুছে দিয়ে অঞ্চলটিকে ইহুদিকরণের পরিকল্পনা বাস্তবায়ন করছে।
জানা যায়, ইসরায়েল দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের নিচে গোপনে খনন কাজ চালাচ্ছে এবং এতে ইসলামি প্রত্ননিদর্শন ধ্বংস হচ্ছে।
রোববার (৩১ আগস্ট) প্রকাশিত এক বিবৃতিতে জেরুজালেম গভর্নরেট জানায়, সম্প্রতি ফাঁস হওয়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ইসরায়েলি কর্তৃপক্ষ আল-আকসা মসজিদের নিচে বেআইনি খনন চালাচ্ছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইসরায়েল সুপরিকল্পিতভাবে উমাইয়া যুগের ইসলামি প্রত্নচিহ্ন নষ্ট করছে, যা মুসলমানদের ঐতিহাসিক মালিকানার প্রমাণ বহন করে।
বিবৃতিতে বলা হয়, “আল-আকসার প্রাচীন ও ঐতিহাসিক পরিচয় মুছে ফেলে কথিত ‘টেম্পল মাউন্ট’ ব্যাখ্যাকে প্রতিষ্ঠিত করতেই এই নিদর্শনগুলো নষ্ট করা হচ্ছে।”
গভর্নরেট আরও জানায়, আন্তর্জাতিক পর্যবেক্ষণের বাইরে এই খনন কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা মসজিদের গঠনগত ভিত্তি ও স্থাপত্যের ওপর মারাত্মক হুমকি সৃষ্টি করছে। তাদের ভাষ্য অনুযায়ী, এসব খননের মাধ্যমে ইসরায়েল পূর্ব জেরুজালেমকে ইহুদিকরণের লক্ষ্যে নতুন বাস্তবতা তৈরি করতে চাইছে।
এ পরিস্থিতিতে গভর্নরেট আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং এর সাংস্কৃতিক শাখা ইউনেস্কোর প্রতি আহ্বান জানায়, যেন তারা দ্রুত হস্তক্ষেপ করে এই অবৈধ কার্যক্রম বন্ধ করে এবং ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনে।
যদিও বিবৃতিতে নির্দিষ্টভাবে কোনো খননস্থলের নাম উল্লেখ করা হয়নি, তবুও বহু বছর ধরেই ইসরায়েল আল-আকসা চত্বরের নিচে সুড়ঙ্গ খননের কাজ চালিয়ে আসছে। ফিলিস্তিনিদের মতে, এসব পদক্ষেপ পূর্ব জেরুজালেমে ইহুদি কর্তৃত্ব প্রতিষ্ঠার বৃহত্তর পরিকল্পনার অংশ।
আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে, আল-আকসা মসজিদ ও এর আশপাশের পবিত্র স্থানগুলোর দেখভালের দায়িত্ব জর্ডান-পরিচালিত জেরুজালেম এনডাওমেন্ট কাউন্সিলের ওপর ন্যস্ত।
২০১৩ সালের মার্চ মাসে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তিতে জেরুজালেমসহ ফিলিস্তিনের পবিত্র স্থানগুলোর তত্ত্বাবধান ও রক্ষার দায়িত্ব জর্ডানকে দেওয়া হয়।
উল্লেখ্য, আল-আকসা মসজিদ মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান। অন্যদিকে, ইহুদিরা এটিকে “টেম্পল মাউন্ট” নামে অভিহিত করে এবং দাবি করে, এখানেই একসময় তাদের দুটি প্রাচীন মন্দির ছিল।
১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয়।
স্বদেশ প্রতিদিন/শাহো