প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১ AM

বান্দরবানে গরিব অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা করেছে সেনাবাহিনী।
রোববার (৩১ আগস্ট) সকালে বান্দরবান সেনা রিজিয়নের সেভেন ফিল্ড অ্যাম্বুলেন্সের আয়োজনে সেনানিবাসে দিনব্যাপী এই চিকিৎসা সেবা প্রদান করেন।
সূত্রে জানা যায়, জেলা সদরের বিভিন্ন এলাকা থেকে সেনানিবাসে এসে চার শতাধিক রোগী বিনামূল্যে এ চিকিৎসা সেবা গ্রহণ করেন। পরে চিকিৎসা সেবা শেষে রোগীদের হাতে আর্থিক সহায়তা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন সেনা কর্মকর্তারা।
এসময় উপস্থিত ছিলেন বান্দরবান সেনানিবাসের সেভেন ফিল্ড অ্যাম্বুলেন্সের উপ-অধিনায়ক ডা. মেজর সাইফুল ইসলাম, ক্যাপ্টেন মো. আবু সায়েম, ক্যাপ্টেন বুশরা তুল জান্নাত।
উল্লেখ্য, বান্দরবান সেনানিবাস প্রতিষ্ঠাকাল থেকে সেনা রিজজিয়নের আওতাধীন সেভেন ফিল্ড অ্যাম্বুলেন্স জেলা শহর ছাড়াও রুমা, থানচি ও রোয়াংছড়ির দুর্গম এলাকায় অসহায় গরীব দুঃখী রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে