প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৬:০৮ পিএম

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী এবারের ডাকসু নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন এ তালিকা প্রকাশ করেন।
তিনি জানান, নির্বাচনে ২৮ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এছাড়া প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় বাদ পড়া ১০ জন প্রার্থী আপীল না করায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে চূড়ান্তভাবে ৪৭১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়াও, তালিকায় পদভিত্তিক প্রার্থী সংখ্যা প্রকাশ করা হয়েছে। এবারের ডাকসুতে সহ-সভাপতি (ভিপি) পদে মোট প্রার্থী রয়েছেন ৪৫ জন। এছাড়াও, সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী সংখ্যা ১৯ জন সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী সংখ্যা ২৫ জন।
ডাকসুর সম্পাদক পদগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে নির্বাচন করবেন ১৭ জন। এছাড়া, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১১, আন্তর্জাতিক সম্পাদক পদে ১৪, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১৯, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১২ ও গবেষণা ও প্রকাশনা সম্পাদক ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়াও, ক্রীড়া সম্পাদক পদে ১৩, ছাত্র পরিবহন সম্পাদক পদে ১২, সমাজসেবা সম্পাদক পদে ১৭, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ১৫, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে ১১ ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
পাশাপাশি, ডাকসুর ১৩ টি কার্যকরী সদস্য পদে সর্বমোট ২১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ