প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৫:২৩ পিএম আপডেট: ২২.০৮.২০২৫ ৬:৪৪ PM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রীদের ভোটদানে নিরুৎসাহিত করতে একটা গোষ্ঠী অপচেষ্টা চালাচ্ছে বলে দাবি করছেন বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার আহ্বায়ক ও দলটির ভিপি প্রার্থী আব্দুল কাদের।
শুক্রবার (২২ আগস্ট) বিকেল তিনটায় মধুর ক্যান্টিনে ডাকসুর সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় এমন অভিযোগ করেন তিনি।
আব্দুল কাদের বলেন, ঢাবির ফজিলাতুন্নেছা মুজিব হল ও কুয়েত মৈত্রী হলের ছাত্রীদের ভোটকেন্দ্র হিসেবে বিশ্ববিদ্যালয় ক্লাবকে ঠিক করা হয়েছে। কিন্তু ওই দুটি হলের পাশেই সমাজকল্যাণ ইনস্টিটিউট রয়েছে। সেখানে ভোট কেন্দ্র স্থাপন হলে ওই দুই হলের শিক্ষার্থীরা সহজে ভোট দিতে পারতো। মূলত তাদের ভোট থেকে দূরে রাখার জন্যই এই চক্রান্ত করা হয়েছে।
তিনি বলেন, ‘আমরা নির্বাচিত হলে আমাদের প্রধান লক্ষ্য থাকবে শতভাগ আবাসন সুবিধা নিশ্চিত করা। আমাদের স্লোগান হবে ওয়ান স্টুডেন্ট ওয়ান সিট। এছাড়াও গনরুম-গেস্টরুম প্রথা আমরা ঢাবি থেকে চিরতরে নির্মূল করব।’
দলটির জিএস প্রার্থী ও কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, ‘আমাদের অন্যতম ইশতেহার হচ্ছে আমরা নির্বাচিত হলে ফ্রি ইন্টারনেট সুবিধা দেবো। ঢাবিতে স্টারলিংক সেবা চালু করা হবে। আমরা হিসাব করে দেখছি স্টারলিংক চালু করতে শিক্ষার্থীর মাথাপিছু ৪০ টাকা খরচ হবে। যেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা স্পন্সরশিপের মাধ্যমে ম্যানেজ করা যাবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম