প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৫:১৪ পিএম

সংগৃহীত ছবি
গুম-খুনের শিকার পরিবারের স্বজনদের কান্না থামাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২২ আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ‘মায়ের ডাক’ আয়োজিত মানববন্ধন ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “গুম ও খুনের শিকার পরিবারগুলোর স্বজনদের কান্না বন্ধে অন্তর্বর্তী সরকার কোনো ভূমিকা রাখতে পারেনি। গুম কমিশনকে জনসমক্ষে আনতে এবং পাবলিক শুনানির ব্যবস্থা করতেও তারা ব্যর্থ হয়েছে। এর জবাবদিহিতা তাদের করতে হবে।”
তিনি আরও বলেন, “এই সরকার দায়ীদের খুঁজে বের করার চেষ্টা করবে বলে আমরা আশা করি। গুম, খুন, নির্যাতন ও মানবতার বিরুদ্ধে অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। হাসিনা সব গুম-খুনের জন্য দায়ী। হতাশ হওয়ার কিছু নেই— তার বিচার এই দেশের মাটিতেই হতে হবে এবং সর্বোচ্চ শাস্তি তাকে পেতেই হবে।”
স্বদেশ প্রতিদিন/এনআর