প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১২:২৬ AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন্ন ‘কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫’ সামনে রেখে আজ (২১ আগস্ট) সকাল ৯টা থেকে জাকসু ভবনের সংস্কার কাজ শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ৪৫তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা শিক্ষা সমাপনী অনুষ্ঠানের জন্য ভবনে যে সরঞ্জামাদি রেখেছিলেন, তা আগামীকাল (২২ আগস্ট) দুপুর ১২টার মধ্যে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আজ সকালে সংস্কারকাজ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও প্রকৌশল অফিসের প্রধান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. সোহেল আহমেদ। তিনি বলেন,
“দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের অনুরোধে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু হয়েছে।”
তিনি আরও জানান, ইতোমধ্যে জাকসু নির্বাচন কমিশন কার্যালয় প্রস্তুত করা হয়েছে এবং সংস্কার কার্যক্রম ৩১ আগস্টের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সংস্কারের আওতায় ভবনের অভ্যন্তরীণ রঙ, মেরামত ও জরুরি স্থাপত্য পরিবর্তনসহ অন্যান্য কাজ করা হবে, যা নির্বাচনী পরিবেশকে আরও উপযোগী করে তুলবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ