প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১২:৩৮ AM

ভারতে আটক হওয়ার এক বছর পর পাঁচ বাংলাদেশি নারীকে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন ১৮ বিজিবি বাংলাবান্ধা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার সফিকুল ইসলাম ও ভারতের ১৮/ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আরভিন্দ পাঠানিয়া।
জানা গেছে, এক বছর আগে যশোর ও বেনাপোল সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন ওই পাঁচ নারী। তারা বাসাবাড়ি ও পার্লারে কাজ করছিলেন। গত ১৬ মে ভারতের গুজরাটে সিআইডি পুলিশ তাদের আটক করে এবং পরদিন মহারাষ্ট্রের পালঘরের একটি নারী আশ্রয়কেন্দ্রে পাঠায়। পরবর্তীতে ১৭ আগস্ট তাদের শিলিগুড়ির ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পে আনা হয়।
ফেরত আসা নারীরা হলেন—সাতক্ষীরার কলারোয়ার জেসমিন সুলতানা (৩৬), পারভীন খাতুন (৩৮), মাগুরার মোহাম্মদপুরের শিরিনা পারভীন (৩২), নওগাঁর বদলগাছির আমিনা আক্তার (৪০) এবং বাগেরহাটের মোড়লগঞ্জের লাবনী আক্তার (৩০)।
তেঁতুলিয়া মডেল থানার ওসি (তদন্ত) মো. নজির হোসেন জানান, বিজিবি তাদের থানায় হস্তান্তর করেছে। পরিবারের পক্ষ থেকে আগে সাধারণ ডায়েরি (জিডি) করা থাকায় উপস্থিত সদস্যদের কাছে নারীদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম পাঁচ বাংলাদেশি নারী ফেরতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ