প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১:৪৯ পিএম আপডেট: ২১.০৮.২০২৫ ১:৫৩ PM

সংগৃহীত ছবি
ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ আরও বাড়িয়েছে পাকিস্তান। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারবে না কোনো ভারতীয় উড়োজাহাজ।
পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতীয় এয়ারলাইন্সের পরিচালিত সব উড়োজাহাজ পাকিস্তানের আকাশপথে প্রবেশে নিষেধাজ্ঞার আওতায় থাকবে। একইসঙ্গে ভারতীয় মালিকানাধীন বা ভাড়া করা সামরিক ও বেসামরিক উড়োজাহাজের ক্ষেত্রেও এ নির্দেশনা কার্যকর থাকবে।
গত ২৩ এপ্রিল পেহেলগাঁও সন্ত্রাসী হামলার পর দুই দেশের তীব্র উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তান প্রথমবার ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে। এর জবাবে ৩০ এপ্রিল ভারতও পাকিস্তানি উড়োজাহাজের জন্য আকাশপথ বন্ধ করে দেয়।
এরপর থেকে পর্যায়ক্রমে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হচ্ছে। সর্বশেষ বুধবার পাকিস্তান জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী নিষেধাজ্ঞা চলবে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।
সূত্র: এনডিটিভি