
শতভাগ আবাসন নিশ্চিতকরণ কিংবা বিকল্প হিসেবে আবাসন ভাতা প্রদানের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে ৫ দফা দাবি আদায় না হলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
রোববার (১৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এই কর্মসূচি শুরু হয়।
আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা স্লোগান দেন— “আবাসন ভাতা দে, নইলে গদি ছাইড়া দে”, “আবাসন আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার” প্রভৃতি।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সিট সংকট ও আবাসন সমস্যার সমাধান হয়নি। ২৪ গণঅভ্যুত্থানের পর প্রশাসন প্রতিশ্রুতি দিলেও কার্যত কোনো অগ্রগতি হয়নি। তাদের দাবি, প্রত্যেক শিক্ষার্থীকে হলে থাকার সুযোগ দিতে হবে, নইলে উপযুক্ত আবাসন ভাতা দিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রশাসনিক ভবনের তালা খোলা হবে না বলেও তারা ঘোষণা দেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা ৫ দফা দাবি উত্থাপন করেন—
১. শতভাগ আবাসন নিশ্চিত করতে অবিলম্বে আধুনিক বহুতল হল নির্মাণের সিদ্ধান্ত ও রূপরেখা প্রকাশ।
২. আবাসন না হওয়া পর্যন্ত অনাবাসিক শিক্ষার্থীদের উপযুক্ত ভাতা প্রদান।
৩. অবৈধভাবে হলে থাকা শিক্ষার্থীদের তালিকা প্রকাশ ও সিট বাতিল।
৪. হলে আবেদন বাবদ ১০০ টাকা নেওয়া বন্ধ ও পূর্বে যারা সিট পাননি তাদের টাকা ফেরত।
৫. মেয়েদের হলে ডাবলিং প্রথা বন্ধ করে ডেকার বেড চালু।
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাঈম ইসলাম বলেন, “প্রশাসন চাইলে সমাধান করতে পারে, কিন্তু শুধু আশ্বাস দেয়। আবাসন সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”
ভূগোল বিভাগের শিক্ষার্থী কাজী আসমানি বিনতে তাজবী বলেন, “সিট বরাদ্দে দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব রয়েছে। অনেকেই একা রুমে থাকে, অথচ অন্যরা আবেদন করেও সিট পাচ্ছে না।”
এ বিষয়ে রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম জানান, “আমরা দাবি পূরণের চেষ্টা করছি। তবে শিক্ষার্থীরা কোনো আল্টিমেটাম না দিয়েই তালা দিয়েছে। আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা হবে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ