প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৪:৫২ পিএম

জাবি সায়েন্স ক্লাব শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ ও বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে কাজ করে যাবে
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব গৌরবময় পথচলার দুই দশক পূর্তি উপলক্ষ্যে স্পেস অবজারভেশন ক্যাম্প আয়োজন করা হবে।
আগামী রবিবার (১৭ আগস্ট) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহায়তায় আয়োজিত এ ক্যাম্পটি বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এছাড়া থাকবে কুইজ প্রতিযোগিতা, মিউজিয়াম বাস পরিদর্শন এবং ১০ মিনিটের প্লোডোনিয়াম শো। স্পেস অবজারভেশন ক্যাম্প জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজন উপভোগ করতে পারবেন।
জানা যায়, জাবি সায়েন্স ক্লাবের দুইদশক পূর্তিতে বিভিন্ন কর্মসূচি পালন করবে সংগঠনটি। দুই দশক পূর্তি স্মারক হিসেবে ২০টি বৃক্ষরোপণ, মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান, ক্লাবের ওয়েবসাইট www.juscbd.org উদ্বোধন, ক্লাবের ম্যাগাজিন ‘নিউক্লিয়াসে’র মোড়ক উন্মোচন, সাবেক ও বর্তমান সদস্যদের মিলনমেলা এবং স্পেস অবজারভেশন ক্যাম্প।
এবিষয়ে ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক মুসা বলেন, “জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের দুই দশক পূর্তি আমাদের জন্য গর্বের বিষয়। বিজ্ঞানকে জনপ্রিয় ও সবার জন্য সহজলভ্য করার ধারাবাহিক প্রয়াসের অংশ হিসেবে আমরা মহাকাশ পর্যবেক্ষণ ক্যাম্পের আয়োজন করেছি। এখানে টেলিস্কোপে মহাকাশ দেখা, প্ল্যানেটারিয়াম শো এবং মিউজিয়াম বাসের মাধ্যমে অংশগ্রহণকারীরা সরাসরি বিজ্ঞানের স্পর্শ অনুভব করবেন। আমরা আশা করছি, এই আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সকলের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ আরো বাড়িয়ে দেবে।”
ক্লাবের সভাপতি মো. সৌরভ বলেন, “জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের গৌরবময় দুই দশক পূর্তির এই বিশেষ মুহূর্তে স্মরণ করতে চাই যাদের অক্লান্ত পরিশ্রমে জাবি সায়েন্স ক্লাব দীর্ঘপথ পরিক্রমা সম্পন্ন করতে পেরেছে। প্রতিষ্ঠাকালীন সময় থেকে বর্তমান পর্যন্ত যে-সকল শিক্ষকবৃন্দ, নেতৃত্ব, সদস্য এবং ভলেন্টিয়ার এ সংগঠনে অবদান রেখেছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। জাবি সায়েন্স ক্লাব শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ ও বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে কাজ করে যাবে।”