প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩:০১ পিএম

দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার মান ও শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ডিজিটাল প্রযুক্তি, যোগাযোগসহ প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।
রোববার (১৫ নভেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন।
সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, বিইউপিতে সাইবার সিকিউরিটি, ন্যানো টেকনোলজি ও ডেটা সায়েন্সসহ চাকরির বাজারের চাহিদাসংশ্লিষ্ট বিষয়ে পাঠদান চলছে। এ ছাড়া শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতাসহ প্রয়োজনীয় দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার জন্য উপাচার্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
স্বদেশ প্রতিদিন/এস পি