
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের নামে জুম্ম জাতির সাথে প্রতারণা করা হয়েছে মন্তব্য করে বক্তারা বলেছেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে পার্বত্য চুক্তি বাস্তবায়ন করতে সরকার বাধ্য হতো। আর সেই জায়গাতেই চুক্তির সবচেয়ে বড় বাঁধা প্রসীত খীসা। রবিবার খাগড়াছড়ির মারমা কল্যাণ সংসদ হলরুমে ইউপিডিএফ গণতান্ত্রিক এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
এতে জুম্ম জাতির সাথে প্রতারণা আর নতুন করে চুক্তির স্বপ্ন দেখিয়ে দীর্ঘ সময় পাহাড়ের সংঘাতের আগুন জ্বালাচ্ছে প্রসীত খীসারা। তারা জাতির জন্য সবচেয়ে সুবিধাবাদী প্রতারক বলেও মন্তব্য করেন। এতে বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন হলে জুম্ম জাতি শান্তিতে পাহাড়ে বসবাস করতে পারতো।
চুক্তি বাস্তবায়ন না হওয়ার ফলেই গণতান্ত্রিক ঐক্যের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ঐক্য অস্ত্রের চেয়েও শক্তিশালী উল্লেখ করে বক্তারা উন্নয়ন ও জুম্মজাতির অধিকার আদায়ে শামিল হওয়ার আহবান জানান বক্তব্যে। ভ্রাতৃঘাতি সংঘাত,খুনোখুনী বন্ধ করে পার্বত্য চুক্তি বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলনের পথে এক হওয়ার তাগিদ দিয়ে জুম্মজাতির কল্যাণে গণতান্ত্রিক পথে ফিরে আসার আহবান জানান।
সত্যের জয় অনিবার্য স্লোগানে পথচলা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) এর ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী খাগড়াছড়িতে উৎসব মুখর আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়। রবিবার সকালে জেলা শহরের সূর্যশিখা ক্লাব থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মারমা উন্নয়ন সংসদ প্রাঙ্গনে জাতীয় সঙ্গিতের মধ্যদিয়ে পতাকা ও শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে আলোচনার সভার উদ্বোধন করে।
পরে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তপন জ্যোতি বর্মাসহ নিহতদের শ্রদ্ধায় ১ মিনিট নিরবতা পালন করে সংগঠনের নেতাকর্মীরা। পরে আলোচনা সভায় মিলিত হয়।
এতে ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক সুলেন চাকমার সঞ্চালনায় কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা চার্মিং এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক বিজয় চাকমা। এতে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য জনসংহতি সমিতি (জেএসএস) এম.এন. লারমার খাগড়াছড়ি জেলা কমিটির সাধারন সম্পাদক প্রীতি খীসা।
আরো বক্তব্য রাখেন, ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা, কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক দীপন চাকমা,বান্দরবান জেলা সভাপতি উবামং মারমা,সাধারন সম্পাদক মংসাপ্রু ত্রিপুরা,পিসিপির কেন্দ্রীয় সভাপতি লবিয়ত চাকমা প্রমূখ।
প্রসঙ্গ: ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে আপোষ চুক্তি আখ্যা দিয়ে পূর্ণ স্বায়ত্বশাসনের দাবীতে ১৯৯৮ সালে ২৬ ডিসেম্বর ইউপিডিএফ সংগঠনটির প্রতিষ্ঠা করে। সংগঠনে র্দীঘদিন একসাথে থাকলেও অভ্যান্তরীন বিভিন্ন মত পার্থক্যের কারণে দুপক্ষে বিভক্ত হয়। পরে গত ২০১৭ সালের ১৫ নভেম্বর ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) প্রতিষ্ঠা করা হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি