
সাতক্ষীরায় গ্রিন কোয়ালিশনের কার্যক্রম পর্যালোচনা, অগ্রগতি মূল্যায়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সাতক্ষীরার রয়েল চাইল্ড মিলনায়তনে গ্রিন কোয়ালিশন, সাতক্ষীরার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়, সভায় সংগঠনের চলমান কার্যক্রম, বিভিন্ন উদ্যোগের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিগত এক বছরে সাতক্ষীরার উপকূলীয় জনপদ শ্যামনগরসহ জেলার বিভিন্ন এলাকায় পরিবেশ ও জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবিলার বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছে গ্রিন কোয়ালিশন। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাব, নদী-খাল দখল ও দূষণ, লবণাক্ততা, সুপেয় পানির সংকট, জলাবদ্ধতা এবং সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়গুলো সংগঠনের কার্যক্রমে গুরুত্ব পেয়েছে। এসব সমস্যা নিয়ে জনসচেতনতা সৃষ্টি, স্থানীয় জনগণের মতামত তুলে ধরা এবং পরিবেশ সুরক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবেশ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা গণমাধ্যমে তুলে ধরা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সাতক্ষীরা গ্রিন কোয়ালিশনের সভাপতি আবু আফফান রোজ বাবুর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. শাহীন ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু, মাধব চন্দ্র দত্ত ও অধ্যাপক পবিত্র মোহন দাস; সহ-সভাপতি শেখ সিদ্দিকুর রহমান; যুগ্ম সাধারণ সম্পাদক এম. বেলাল হোসেন ও অ্যাডভোকেট এস.এম. বিপ্লব হোসেন এবং কোষাধ্যক্ষ মো. আব্দুস সামাদ।
এ ছাড়া রামকৃষ্ণ জোয়ারদার, গাজী মাহিদা মিজান, স.ম. ওসমান গণী, হোসেন আলী, রাহাত রাজা, হাবিবুর রহমান সোহাগ, রিজাউল করিম, ইব্রাহিম খলিল, হৃদয় মণ্ডল, সুদীপ্ত দেবনাথ, আব্দুর রহমান নিরব ও জাহাঙ্গীর আলমসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সভায় আগামী তিন মাসের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। পরিকল্পনার অংশ হিসেবে উপজেলার দায়িত্ব বণ্টন, সদস্যদের পরিচয়পত্র প্রদান এবং সাতক্ষীরার বিভিন্ন সমস্যা নিয়ে নিয়মিত কর্মসূচি পালন ও বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় জেলার পরিবেশ, জলবায়ু ও জনজীবনের বিভিন্ন সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে ধারাবাহিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা।
স্বদেশ প্রতিদিন/এস পি