রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দীঘিনালার হাজাছড়া বিলে লাল শাপলার মুগ্ধতা      ● রাজারহাটে বন্ধ মিড-ডে মিল, বিপাকে সাড়ে ১৫ হাজার শিক্ষার্থী      ● পাবনা মানসিক হাসপাতালে অভিযানে ৫ দালালের কারাদণ্ড      ● খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● মেঘনায় ইউপি প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম গ্রেপ্তার      ● জলবায়ু ন্যায়বিচারের দাবিতে পাইকগাছায় মানববন্ধন      ● সংবাদ পরিবেশনে সাংবাদিকদের নিরপেক্ষ থাকতে হবে: নুরুল আমিন      ● সিগারেট খাওয়া নিয়ে বিরোধ, হামলায় আহত যুবকের মৃত্যু      ● আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী      ● দেশের ভেতরে-বাইরে অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা: রিজভী      ● রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়ালে কঠোর ব্যবস্থা: সিএমপি কমিশনার      ● ভাড়া নিয়ে বিরোধে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা      
দীঘিনালার হাজাছড়া বিলে লাল শাপলার মুগ্ধতা
প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ২:৫০ পিএম

পাহাড়ের সবুজের মাঝে বিস্তীর্ণ জলরাশি। তার বুকজুড়ে ফুটে আছে হাজারো লাল শাপলা। ভোরের আলোয় শিশিরভেজা পাপড়ি, চারপাশের সবুজ প্রকৃতি আর জলজ প্রাণীর বিচরণে মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়েছে খাগড়াছড়ির দীঘিনালার হাজাছড়া বিলে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই সেখানে ছুটে যাচ্ছেন বিভিন্ন বয়সী মানুষ। স্থানীয়দের কাছে পরিচিত এই জলাভূমি ধীরে ধীরে পর্যটকদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠছে।

দীঘিনালা উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে মেরুং বাজার। সেখান থেকে পূর্ব দিকে মাইনী নদী পেরিয়ে প্রায় আধা কিলোমিটার এগোলেই হাজাছড়া বিল। স্থানীয়ভাবে ‘ছোট হাজাছড়া ডেবা’ নামে পরিচিত প্রায় ২০ একরের এই জলাভূমির পাঁচ থেকে সাত একরজুড়ে লাল শাপলার বিস্তার। স্থানীয়দের ভাষ্য, প্রতিবছর সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বিলে শাপলা ফোটে। প্রায় দুই দশক ধরে এখানে শাপলা থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সৌন্দর্যের পরিচিতি ছড়িয়ে পড়ায় সাম্প্রতিক সময়ে দর্শনার্থীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে গত দুই বছরে পর্যটকের আগমন উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বিলের সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করা যায় সকালে। সূর্যের প্রথম আলো শাপলার পাপড়িতে পড়লে শিশিরবিন্দু মুক্তার মতো ঝলমল করে। কেউ ছবি তোলেন, কেউ ভিডিও করেন, আবার কেউ নৌকায় ঘুরে উপভোগ করেন প্রকৃতির এই আয়োজন। দর্শনার্থী জাকির হোসেনের ভাষায়, ‘হাজাছড়া বিলটি যেন শিল্পীর রংতুলিতে আঁকা ক্যানভাস।’ আলোকচিত্রী সোহেল বলেন, বিলে সাঁতার কাটতে থাকা রাজহাঁস, চারপাশের সবুজ প্রকৃতি ও শিশুদের পানিতে খেলাধুলার দৃশ্য গ্রামীণ বাংলার চিরচেনা সৌন্দর্য তুলে ধরে।


হাজাছড়া বিল শুধু পর্যটকদের আকর্ষণ নয়, স্থানীয় মানুষের জীবিকারও উৎস। এখান থেকে শাপলা সংগ্রহ করে বাজারে বিক্রি করেন অনেকে। কেউ মাছ ধরে জীবিকা নির্বাহ করেন, আবার শুষ্ক মৌসুমে পানির পরিমাণ কমে গেলে বিলের কিনারায় ধান চাষ করেন কৃষকেরা। বিলের মালিক জাহাঙ্গীর আলম দুলাল জানান, স্থানীয়দের পাশাপাশি জেলার বিভিন্ন স্থান ও জেলার বাইরের মানুষও এখানে ঘুরতে আসেন। দর্শনার্থীদের জন্য নৌকার ব্যবস্থা রয়েছে। ভবিষ্যতে ভাসমান রেস্তোরাঁ, ওয়াচ টাওয়ার, ওয়াশরুম ও প্যাডেল বোট চালুর পরিকল্পনাও রয়েছে।

হাজাছড়া বিলকে ঘিরে পর্যটন সম্ভাবনা দেখছেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোশাররফ হোসেন জানান, মেরুং-হাজাছড়া-মারিশ্যা সড়কের আড়াই কিলোমিটার অংশ কার্পেটিং করা হয়েছে। বাকি অংশের উন্নয়ন শেষ হলে দর্শনার্থীদের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে। পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা বলেন, বিলের অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রকৃতি ও পরিবেশবান্ধব পর্যটন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।


তবে পর্যটন বিকাশের পাশাপাশি বিলের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণকে গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। দীঘিনালা হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মো. আবুল খায়ের জানান, লাল শাপলার বৈজ্ঞানিক নাম Nymphaea rubra। এটি জলজ উদ্ভিদ; সাধারণত রাতে ফুল ফোটে এবং আলোর তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে পাপড়ি বন্ধ হতে থাকে। সিএইচটি বায়োডাইভারসিটি কনজারভেশন ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা নির্বাহী ও রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমার মতে, পর্যটন বিকাশে বিলের প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য ও শাপলার স্বাভাবিক বিস্তার যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘শুনেছি। বিস্তারিত জেনে কী পরিকল্পনা করা যায়, তখন বলা যাবে।’






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  হাজাছড়া বিল   দীঘিনালা   খাগড়াছড়ি   লাল শাপলা   পর্যটন   পাহাড়   জীববৈচিত্র্য   পরিবেশ সংরক্ষণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close