প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৭:৫০ পিএম

খুলনার পাইকগাছার গদাইপুর ইউনিয়নের হিতামপুর মৌজায় কপোতাক্ষ নদ সংলগ্ন সংস্কারাধীন ভেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হলে কৃষি, মৎস্য ও বসতবাড়ির বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গদাইপুরের চরেরবিল এলাকায় ওয়াপদার বাঁধ বারবার ভাঙছে। সম্প্রতি ১৭০ মিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হলে তা মেরামতে ৫৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু মেরামতকাজ চলাকালীন গত ১২ আগস্ট দুপুরে বাঁধ আবারও ধসে পড়ে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় সহকারী প্রকৌশলী এস এম রিফাত বিন রফিক ১৩ আগস্ট ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পানির চাপ এত বেশি যে অস্থায়ী মেরামতে ভাঙন ঠেকানো সম্ভব নয়; দীর্ঘমেয়াদি ও টেকসই প্রকল্প নিতে হবে।
স্থানীয় জমির মালিক ও ঘের ব্যবসায়ী তৈয়েবুর রহমান জানান, এক বছর আগে ভয়াবহ ভাঙনে ১ হাজার ৬০০ বিঘা জমির মাছ ও ধান নষ্ট হয়েছিল। আবারও একই পরিস্থিতির শঙ্কা দেখা দিয়েছে। ঘের মালিক মিনারুল ইসলাম বলেন, “এখন দ্রুত বাঁধ মজবুত না করলে ধান ও চিংড়ি চাষে ভয়াবহ ক্ষতি হবে।”
পাউবো কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন পর্যায়ে জানানো হয়েছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ