প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৭:৪৪ পিএম

খুলনায় দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি নেতা ও একাধিক মামলার আসামি শামীম বন্দে অরফে বাবুকে আটক করেছে যৌথ বাহিনী।
বুধবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর নেতৃত্বে মহানগরীর সোনাডাঙ্গা ছোট বয়রা ইসলামীয়া কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বাংলাদেশ নৌবাহিনীর পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে শামীম বন্দের কাছ থেকে ৫ রাউন্ড দেশীয় কার্তুজ, ৮টি ছুরি, ৪টি চাপাতি, ২টি দা এবং ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। সোনাডাঙ্গা থানার পুলিশ সদস্যরাও এ অভিযানে অংশ নেন। স্থানীয় বাসিন্দারা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন।
পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শামীম বন্দেকে জব্দকৃত অস্ত্রসহ সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সেকেন্ড ইন কমান্ড বিটু মঈনের অনুসারী বলে জানা গেছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ