প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ১:২৯ AM

ভারত আবারও বাংলাদেশি পণ্য আমদানিতে নতুন বিধি-নিষেধ আরোপ করেছে। এবার স্থলবন্দর দিয়ে চার ধরনের পাটপণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। ফলে এসব পণ্য এখন শুধু ভারতের মুম্বাইয়ের নভসেবা বন্দর দিয়েই আমদানি করা যাবে।
গতকাল সোমবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের (ডিজিএফটি) কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় এসেছে—পাট ও পাটজাতীয় কাপড়, পাটের দড়ি বা রশি, পাটজাতীয় উপাদান দিয়ে তৈরি দড়ি বা রশি এবং পাটের বস্তা বা ব্যাগ। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
বাংলাদেশ থেকে এসব পণ্যের মাত্র ১ শতাংশ সমুদ্রপথে ভারতে যায়। ফলে স্থলবন্দরপথে আমদানি বন্ধ হওয়ায় মূল রপ্তানি প্রবাহ কার্যত বাধাগ্রস্ত হবে।
এর আগে গত ২৭ জুন ডিজিএফটি কাঁচা পাট, পাটের রোল, সুতা ও বিশেষ ধরনের কাপড়সহ কয়েকটি পণ্যের স্থলবন্দরপথে আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল। তার সঙ্গে নতুন চারটি পণ্য যুক্ত হলো।
গত কয়েক মাসে ভারত একাধিক দফায় বাংলাদেশি পণ্যে অশুল্ক বিধি-নিষেধ দিয়েছে। এর মধ্যে গত ১৭ মে স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের আসবাব, সুতা ও সুতার উপজাত, ফল ও ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয় প্রভৃতির আমদানি বন্ধ করে। তার আগে ৯ এপ্রিল কলকাতা বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশি পণ্য রপ্তানির সুযোগও প্রত্যাহার করে নেয় ভারত।
সূত্র: ফিন্যানশিয়াল টাইমস
স্বদেশ প্রতিদিন/এনআর