প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৮:৩৫ পিএম

ওপেনএআই তাদের জনপ্রিয় চ্যাটবট ‘চ্যাটজিপিটি’র জন্য নতুন ‘জিপিটি ৫’ মডেল চালু করেছে, যা আগের সব সংস্করণের চেয়ে অনেক বেশি শক্তিশালী, বুদ্ধিমান ও নিরাপদ। প্রতিষ্ঠানটির দাবি, এই মডেলটি পিএইচডি স্তরের দক্ষতা প্রদর্শন করতে সক্ষম।
ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান বলেন, জিপিটি ৫ চ্যাটজিপিটির নতুন যুগের সূচনা করেছে, কারণ এটি আগের মডেলগুলোর তুলনায় দ্রুত, স্মার্ট ও কার্যকর।
বিশেষজ্ঞরা বলছেন, জিপিটি ৫ এর অন্যতম বড় উন্নতি হলো ভুয়া তথ্য শনাক্তকরণের ক্ষমতা। এটি ব্যবহারকারীদের সঙ্গে আগের চেয়ে আরও প্রাঞ্জল ও স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করতে পারে। ওপেনএআই জানিয়েছে, এই মডেল তিনটি সংস্করণে পাওয়া যাবে — জিপিটি ৫, জিপিটি ৫ মিনি, এবং জিপিটি ৫ ন্যানো। মিনি এবং ন্যানো সংস্করণগুলো বিনামূল্যে ব্যবহার করা যাবে, তবে জিপিটি ৫ প্রো সংস্করণের জন্য মাসিক ২০০ ডলার খরচ লাগবে।
নতুন মডেলটি যুক্তি বিশ্লেষণ, ছবি তৈরি, ওয়েব ব্রাউজিং ও ভয়েস মোডসহ নানা কাজেই ব্যবহার করা যাবে। কোডিং ও লেখার ক্ষেত্রে এটি পিএইচডি স্তরের দক্ষতা প্রদর্শন করেছে এবং এক মিনিটের মধ্যে টেক্সট প্রম্পট ব্যবহার করে একটি ইন্টারঅ্যাকটিভ অ্যাপ তৈরি করতে সক্ষম।
আগের মডেলের অন্যতম সমস্যা ছিল ভুল তথ্য তৈরি করার প্রবণতা, যা ‘হ্যালুসিনেশন’ নামে পরিচিত। জিপিটি ৫ ত্রুটির হার ৬৫ শতাংশ কমিয়েছে ‘ওথ্রি’ সংস্করণের তুলনায় এবং ২৬ শতাংশ কমিয়েছে জিপিটি ৪ এর তুলনায়। পাঁচ হাজার ঘণ্টারও বেশি বাইরের বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা চালিয়ে এর নির্ভরযোগ্যতা ও স্থায়িত্ব বাড়ানো হয়েছে।
এখন মাইক্রোসফট ও গুগলসহ বিভিন্ন বড় প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের সেবায় জিপিটি ৫ মডেল যুক্ত করার ঘোষণা দিয়েছে। বিশেষ করে জিপিটি ৫ প্রো সংস্করণে জিমেইল, গুগল সার্চ, ক্যালেন্ডারসহ অন্যান্য সেবা ব্যবহার করা যাবে। ভবিষ্যতে এই সুবিধাগুলো অন্যান্য সংস্করণেও উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।
সূত্র: নিউজ১৮, বিবিসি
স্বদেশ প্রতিদিন/ আরএফ