
সংগৃহীত ছবি
জীবনের প্রতিটি ধাপে আমাদের মানসিক চাপের কারণ বদলায়। ছোটবেলা থেকে বৃদ্ধাবস্থা পর্যন্ত প্রত্যেকটি সময়ের নিজস্ব চ্যালেঞ্জ আর চাপের ধরন রয়েছে। ছোটবেলা হয়তো পরীক্ষা-ভীতি আর বন্ধুদের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা, আবার তরুণ বয়সে আসে প্রেম, ক্যারিয়ার ও ভবিষ্যৎ নিয়ে চিন্তা। মধ্যবয়সে দ্বৈত দায়িত্বের ভার বেড়ে যায়, আর বৃদ্ধাবস্থায় আসে শরীরের দুর্বলতা আর প্রিয়জনের ক্ষতি। কীভাবে এসব চাপ মোকাবিলা করা যায়, কী বলছেন বিশেষজ্ঞরা — চলুন জেনে নেই।
শৈশব ও কৈশোর: চাপের শুরু
শিশু ও কিশোর বয়স মানেই পরিচিত Pressure। পরিবারে কলহ, ভালো ফল করার চাপ, বন্ধুদের সঙ্গে মানিয়ে চলার টেনশন, অভিভাবকদের প্রত্যাশা — এসব কারণেই অনেক সময় তাদের মানসিক শান্তি বিঘ্নিত হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই বয়সে শিশুদের কাছে ‘ভালো হতে হবে’, ‘সেরা হতে হবে’ ভাব খুব বড় চাপের কারণ। তাই পরিবারের উষ্ণতা ও সঠিক সহায়তা প্রয়োজন।
তারুণ্য: পরিচয়ের খোঁজ আর ভবিষ্যতের উদ্বেগ
যুবক-যুবতীরা জীবনের মোড় ঘুরিয়ে নেওয়ার সময় একাধিক চাপের মুখোমুখি হন। প্রেমের জটিলতা, পড়াশোনা শেষ করে চাকরির খোঁজ, আর্থিক সংকট, সমাজে নিজের জায়গা গড়ার চাপে তারা বিভ্রান্ত হয়ে পড়েন। এ সময় ‘আমি কে?’, ‘কোথায় যাচ্ছি?’—এই প্রশ্নগুলো মানসিক চাপের মূল উৎস।
মধ্যবয়স: দ্বৈত দায়িত্ব আর ঝামেলা
মনোরোগ বিশেষজ্ঞ ডা. মুনিয়া ভট্টাচার্য জানান, মধ্যবয়সীরা সবচেয়ে বেশি চাপের মধ্যে থাকেন। অফিসের চাপ, সন্তান ও বাবা-মায়ের যত্ন, সংসারের নানা দায়-দায়িত্ব তাদের মানসিক ভারী করে তোলে। তবে অভিজ্ঞতার কারণে তারা চাপ সামাল দিতে কিছুটা দক্ষতাও অর্জন করেন।
বৃদ্ধাবস্থা: নতুন ধরণের চাপ ও পরিপক্কতা
বয়স বাড়ার সঙ্গে শরীরের শক্তি কমে যায়, প্রিয়জন হারানোর বেদনা বাড়ে, আর আর্থিক নিরাপত্তাও অনেক সময় কমে আসে। তবুও ডা. মুনিয়া বলেন, বৃদ্ধবয়সীরা জীবনের অনেক কিছু দেখে এসে মানসিকভাবে অনেক পরিপক্ক হয়ে ওঠেন, ফলে চাপকে ভালোভাবে গ্রহণ ও মোকাবিলা করতে পারেন।
গর্ভাবস্থা: নতুন জীবনের আগের মানসিক টানাপোড়েন
ডা. সোনাল আনন্দ বলেন, অন্তঃসত্ত্বা নারীরা সন্তান সুস্থ হবে কি না, ডেলিভারি কেমন হবে, নতুন জীবন কেমন হবে—এসব নিয়ে চিন্তায় থাকে। তাই মানসিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি।
মানসিক চাপ কমানোর সহজ ও কার্যকর উপায়
গভীর শ্বাস-প্রশ্বাস: প্রতিদিন ১০ মিনিট ধীরে ধীরে শ্বাস নিন ও ছাড়ুন, মন শান্ত হবে।
সুস্থ জীবনযাপন: নিয়মিত ঘুম, পুষ্টিকর খাবার ও হালকা ব্যায়াম মানসিক চাপ কমায়।
লিখে রাখা: দিন শেষে নিজের অনুভূতি বা ভালো লাগার কথা লিখলে মন হালকা হয়।
ধ্যান ও মেডিটেশন: নিয়মিত ধ্যান করুন, যা মানসিক স্থিতিশীলতা দেয়।
আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটানো: অনুভূতি শেয়ার করলে চাপ কমে।
প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য: চাপ সামলাতে না পারলে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।