প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৮:৪৫ পিএম

সংগৃহীত ছবি
গাড়ির কাগজ দেখতে চাওয়ায় ট্রাফিক সার্জেন্টকে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে কর অঞ্চল-২৫ এর সহকারী কর কমিশনার ফাতেমা বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ রবিবার (১০ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কার-১ শাখার সচিব আবদুর রহমান খানের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১২ এপ্রিল রাত ৮টার দিকে পলাশী মোড় এলাকায় একটি গাড়ি থামিয়ে কাগজপত্র প্রদর্শন করতে বলা হয়, যেখানে ফাতেমা বেগম ছিলেন। প্রথমে তিনি ট্রাফিক সার্জেন্টকে জানান যে গাড়ির কাগজপত্র ঠিক আছে এবং দেখানোর অক্ষমতা প্রকাশ করেন। পরে পুনরায় কাগজপত্র প্রদর্শনের অনুরোধে গাড়ি থেকে নেমে ট্রাফিক সার্জেন্টকে ‘ছোট লোকের বাচ্চা’, ‘ফকিন্নির বাচ্চা’, ‘সারাজীবন ঘুষ খাইছে’ জাতীয় অকথ্য ভাষায় গালাগাল করেন।
এই ঘটনার পর ট্রাফিক সার্জেন্ট শাহা জামাল লালবাগ থানায় অভিযোগ দায়ের করেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণে’ দায়ে ফাতেমা বেগমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোশ ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।