প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৯:৪৮ AM

ইসরায়েলি বিমান বাহিনীর টানা হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় শুক্রবার (১৮ জুলাই) অন্তত ৪১ জন নিহত এবং ১১০ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়।
চলমান যুদ্ধের মধ্যে এটি একটি বিভীষিকাময় দিন বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়। বেসামরিক নাগরিক, নারী ও শিশুদের মধ্যে হতাহতের সংখ্যা বাড়ছে বলেও জানানো হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ৬৬৭ জন। আহত হয়েছেন আরও অন্তত ১ লক্ষ ৩৯ হাজার ৯৭৪ জন ফিলিস্তিনি।
চলতি বছরের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারী কয়েকটি দেশের চাপে ইসরায়েল আংশিক যুদ্ধবিরতি ঘোষণা করলেও, তা দীর্ঘস্থায়ী হয়নি। ১৮ মার্চ থেকে আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) ফের পূর্ণমাত্রায় গাজায় অভিযান শুরু করে।
দ্বিতীয় দফার এই অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৭ হাজার ৮৪৩ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন প্রায় ২৭ হাজার ৯৯৩ জন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামলায় হামাসের যোদ্ধারা ইসরায়েল থেকে ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, এদের মধ্যে ৩৫ জন এখনো জীবিত এবং তাদের উদ্ধারে সামরিক অভিযান অব্যাহত থাকবে।
জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় একাধিকবার গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। এছাড়া ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)-এ ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা চলমান রয়েছে।
তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করা এই অভিযানের লক্ষ্য এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে গাজায়।
সূত্র : আনাদোলু এজেন্সি
স্বদেশ প্রতিদিন/এমএম