প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৮:১৭ পিএম

বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে আয়োজিত এ সভায় অংশগ্রহণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের উদ্যোগে আয়োজিত হয়েছে স্মরণ সভা।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে আয়োজিত এ সভায় অংশগ্রহণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
সভায় বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক এম. ডি শিহাব বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আমাদের স্বাধীনতা ও গণতন্ত্রের ইতিহাসে এক অনন্য অধ্যায়। এ সময়ে ছাত্রদলের ১৪৪ জনসহ বিএনপির প্রায় ৫ শতাধিক নেতাকর্মী শহীদ হন। তাদের রক্তের বিনিময়েই আজকের গণতান্ত্রিক লড়াই নতুন গতি পেয়েছে। এই আন্দোলনের পুরোভাগে ছিল ছাত্রদলই স্বৈরাচারবিরোধী প্রথম স্লোগান, কারফিউ ভেঙে রাজপথে মিছিল সবকিছুতেই নেতৃত্ব দিয়েছে ছাত্রদল।”
তিনি বলেন, “আমরা লক্ষ্য করেছি এনসিপির কিছু নেতাকর্মী ১৬ জুলাই গোপালগঞ্জে প্রোগ্রাম করেছে। শহীদদের স্মরণের দিনে যখন শ্রদ্ধা ও প্রতিজ্ঞার সময়, তখন ক্ষমতার দরবারে মাথা নোয়ানো রাজনৈতিক শালীনতার পরিপন্থি। এটি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা।”
অভিযোগ করে তিনি বলেন, “আজ এই গৌরবময় ইতিহাসকে কলঙ্কিত করার অপচেষ্টায় লিপ্ত কিছু অপশক্তি। চুয়েট ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দেখা গেছে কীভাবে কিছু ব্যক্তি ‘সাধারণ ছাত্র’ ব্যানারে গুপ্ত মব কালচারে মেতে ওঠে, যা গণতান্ত্রিক রাজনীতির জন্য হুমকি।”