প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৮:১০ পিএম

‘জুলাই গণঅভ্যুত্থানে’র ১ম বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষ্যে ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে আয়োজিত “প্রপঞ্চ ‘জুলাই’: দেখা না দেখা পেরিয়ে” শীর্ষক অনুষ্ঠান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, “শিক্ষার্থীদের মনে রাখতে হবে আমাদের শক্তি রাস্তায় উল্টোপথে গাড়ি চালানো নয়, হম্বিতম্বি দেখানো বা মারামারি করার মধ্যেও নয়। সকলকে সঙ্গে নিয়ে চলার মধ্যেই আমাদের শক্তি। সমাজের কৃষক, শ্রমিক, বিদ্যালয়, মহাবিদ্যালয়, মাদ্রাসা, মন্দির, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সকলের সঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে চলতে চাই।”
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) ‘জুলাই গণঅভ্যুত্থানে’র ১ম বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষ্যে ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে আয়োজিত “প্রপঞ্চ ‘জুলাই’: দেখা না দেখা পেরিয়ে” শীর্ষক অনুষ্ঠানমালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সমাজবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন অধ্যাপক ড. ফাতেমা রেজিনা ইকবালের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ও ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন একই বিভাগের অধ্যাপক সালমা আক্তার এবং অধ্যাপক ড. সামিনা লুৎফা।
উপাচার্য বলেন, “আজকের নতুন বাংলাদেশ পাওয়ার পেছনে অনেক মানুষের অবদান রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকলে সমাজের সবাই এগিয়ে আসেন। তাই সমাজের পাশেও আমাদের দাঁড়াতে হবে। মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা খুব জরুরি।”
তিনি বলেন, “জুলাই যোদ্ধাদের ঋণ আমরা পুরোপুরি শোধ করতে পারবো না। তারপরও কিছুটা দায় শোধ করতে এবং তাদের প্রতি সম্মান জানাতে বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিকভাবে বেশকিছু অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। আনুষ্ঠানিকতার বাইরেও বিভিন্ন প্লাটফর্মে এধরনের উদ্যোগগুলো টিকিয়ে রাখতে হবে।”
এছাড়াও, শিক্ষক-শিক্ষার্থীদের আন্তঃসম্পর্ক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।