প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১:৩৪ পিএম

রাজধানীর শ্যামলী এলাকায় দেশীয় অস্ত্রের মুখে শিমিয়ন ত্রিপুরা (৩০) নামে এক যুবকের জামা-জুতাসহ সর্বস্ব লুট করে পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের মধ্যে আরও তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ তথ্য জানিয়েছে।
এর আগে, মঙ্গলবার (১৫ জুলাই) এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেফতারকৃত আসামি কবিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
ডিবি ও শেরেবাংলা নগর থানা পুলিশের যৌথ অভিযানে সোমবার (১৪ জুলাই) ভোরে মিরপুর এলাকা থেকে কবিরকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (১১ জুলাই) সকালে শ্যামলী ২ নম্বর রোডে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী শিমিয়ন ত্রিপুরা অফিসে যাওয়ার পথে মোটরসাইকেলে করে আসা তিন ছিনতাইকারী তাকে ঘিরে ফেলে। দেশীয় অস্ত্র দেখিয়ে তারা তার ব্যাগ, টাকা, মোবাইল ফোন, এমনকি শরীরের জামা ও পায়ের জুতা পর্যন্ত ছিনিয়ে নেয়।
ঘটনার সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। ভিডিওতে দেখা যায়, ছাতা হাতে থাকা শিমিয়নকে তিন ছিনতাইকারী হঠাৎ ঘিরে ফেলে। দুইজনের হাতে ধারালো অস্ত্র, আরেকজন মোটরসাইকেল চালিয়ে সামনে এসে পথ আটকে দেয়।
চোখের সামনে ছিনতাইকারীরা তার সবকিছু নিয়ে যায় এবং দ্রুত পালিয়ে যায়। ভিডিওর দৃশ্য দেখে সাধারণ মানুষ আতঙ্ক প্রকাশের পাশাপাশি দ্রুত বিচার ও নিরাপত্তা জোরদারের দাবি জানান।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া চার আসামির বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র এবং জননিরাপত্তা হুমকির ধারায় মামলা দায়ের করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা জানান, ঘটনার ভিডিও বিশ্লেষণ করে ছিনতাইকারীদের শনাক্ত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই বাকি আসামিদেরও আইনের আওতায় আনা হবে।
স্বদেশ প্রতিদিন/এমএম