প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১:৩৮ পিএম

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ৪৮ ঘণ্টায়ও বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকতে পারে। তবে পাঁচ দিন পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আরো জানায়, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
এদিকে গত ২৪ ঘণ্টায় (আজ সকাল ৬ টা পর্যন্ত) দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ময়মনসিংহে ৮৮ মিলিমিটার। এই সময়ে ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ২৬.৫ মিলিমিটার।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের রামগতিতে, ৩৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানী ঢাকায় আজ আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬ টা ৪৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫ টা ২১ মিনিটে।
স্বদেশ প্রতিদিন/এমএম