প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১২:৪৩ পিএম

নিবন্ধন স্থগিত হওয়ায় নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’ সরিয়ে ফেলা হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল থেকে ইসির ওয়েবসাইটে আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত) নামের পাশে আর দেখা যাচ্ছে না নৌকা প্রতীক।
ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক জানান, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে।”
এর আগে মঙ্গলবার রাতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নির্বাচন কমিশনের সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, “অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?”
বর্তমানে নির্বাচন কমিশনের তালিকাভুক্ত প্রতীকের সংখ্যা ৬৯টি, যার মধ্যে ৫০টি বরাদ্দ রয়েছে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য। বাকি ১৯টি প্রতীক স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্ধারিত। তবে নতুন তালিকা চূড়ান্ত হলে প্রতীকের সংখ্যা দাঁড়াবে ১১৫টি। এ তালিকায় জামায়াতে ইসলামীর প্রতীক ‘দাঁড়িপাল্লা’সহ আরও কয়েকটি প্রতীক যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা এখন আইন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায়।
আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক সরিয়ে নেওয়ার ঘটনাটি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। বিশেষ করে দলটির নিবন্ধন স্থগিত থাকা অবস্থায় এ ধরনের সিদ্ধান্ত ইসির পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা হিসেবে দেখা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এনআর