প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১২:৫৩ পিএম

ফাইল ছবি
বৈষম্য, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত একটি ‘নতুন বাংলাদেশ’ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে জাতিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।”
বুধবার (১৬ জুলাই) প্রথমবারের মতো পালিত ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই আহ্বান জানান।
অধ্যাপক ইউনূস বলেন, “জুলাই শহীদরা স্বপ্ন দেখেছিলেন একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত এবং স্বৈরাচারবিরোধী নতুন রাষ্ট্র ব্যবস্থার। তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই সুযোগ কাজে লাগিয়ে আমাদের ‘নতুন বাংলাদেশ’-এর পথ নির্মাণ করতে হবে।”
তিনি আরও বলেন, “জুলাইয়ের চেতনাকে ধারণ করে একযোগে আমরা সবাই এগিয়ে যাবো—এটাই হোক আমাদের আজকের অঙ্গীকার।”
অধ্যাপক ইউনূস বলেন, “তৎকালীন স্বৈরাচারবিরোধী আন্দোলনে জুলাই শহীদদের আত্মদান ছিল একটি মোড় ঘোরানো মুহূর্ত। লাখো মানুষ রাস্তায় নেমে আসে, আন্দোলন ছড়িয়ে পড়ে দেশজুড়ে। আন্দোলনের তীব্রতায় একপর্যায়ে স্বৈরাচার সরকারের পতন ঘটে।”
শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং পরিবারগুলোর সহায়তায় অন্তর্বর্তী সরকার ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’ ও ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।
এছাড়া শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত ও গেজেট আকারে প্রকাশের কার্যক্রম চলছে। প্রতিটি শহীদ পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা ও মাসিক ভাতা এবং আহতদের জন্যও বিশেষ সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা।
বাণীর শেষ অংশে অধ্যাপক ইউনূস আত্মোৎসর্গকারী সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
স্বদেশ প্রতিদিন/এনআর