প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৮:৪৬ পিএম

সংগৃহীত ছবি
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যা করার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও বাকি দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
ডিসি তালেবুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২)-কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তারেকের কাছ থেকে একটি বিদেশি পিস্তলও জব্দ করা হয়েছে।
এর আগে গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তায় একদল দুর্বৃত্ত পাথর দিয়ে আঘাত করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সোহাগকে নির্মমভাবে হত্যা করে।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহত সোহাগের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ।
হত্যার কারণ প্রসঙ্গে ডিসি তালেবুর রহমান বলেন, "প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যবসায়িক দ্বন্দ্ব ও ব্যক্তিগত শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং বাকি জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।"
স্বদেশ প্রতিদিন/এনআর