প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৫:৩৮ পিএম

অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ শুক্রবার (১১ জুলাই) বিকেলে এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এই নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষ তার জামিন চাইলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তদন্ত কর্মকর্তা মো. শাহজাহান মিরাজ বিষয়টি নিশ্চিত করে বলেন, “আসামির তিনদিনের রিমান্ড চাওয়া হয়েছিল। তবে ম্যাজিস্ট্রেট কোর্টের রিমান্ড মঞ্জুরের এখতিয়ার না থাকায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তীতে সিনিয়র আদালতে রিমান্ড বিষয়ে শুনানি হবে।”
এর আগে বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির ৩ নম্বর সড়ক এলাকা থেকে আবুল বারকাতকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
উল্লেখ্য, এননটেক্স গ্রুপের নামে জনতা ব্যাংক থেকে ২৯৭ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, অধ্যাপক আবুল বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। গত ২০ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক মো. নাজমুল হোসাইন।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন। ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় এননটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানের নামে এ ঋণ অনুমোদন ও বিতরণ করা হয়। পরে বিভিন্ন অনৈতিক কৌশলে ওই অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিং করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
স্বদেশ প্রতিদিন/এমএএম