
জামায়াতের কর্মী।
বরগুনার পাথরঘাটায় ছাত্রদল নেতার বিরুদ্ধে জামায়াতের কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৯ টার দিকে পাথরঘাটা শহরের ইমান আলী সড়করে উত্তর মাথায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন পাথরঘাটা থানার ওসি মো. মেহেদি হাসান। বিষয়টি নিয়ে শহরে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ ও নৌবাহিনী মোতায়েন করা হয়। আহত নাসির উদ্দিন পাথরঘাটা পৌর শহরের শাহাবুদ্দিনের ছেলে এবং ছাত্রশিবিরের পাথরঘাটা পৌর শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমানের বাবা।
মামলার আসামীরা হলো, পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরাফাত রহমান অভি, পৌরসভার সাবেক দপ্তর সম্পাদক অমিত হাসান শুভ, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মুনিম, আল আমিন বায়জিদ, মাহবুব, জিহাদ খান, বাশার, শাওন। পাথরঘাটা পৌর ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক অমিত হাসান শুভ এর আগেও পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবে হামলা করেন বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মিথ্যা অভিযোগ দিয়ে ছাত্রশিবির নেতাদের সাথে ছাত্রদল নেতাদের বাকবিতণ্ডার এক পর্যায়ে জামায়াতের পৌর আমির ও কর্মী নাসির উদ্দিন চৌধুরীকে রামদা দিয়ে হামলা করেন ছাত্রদল নেতা অমিত হাসান শুভ ও তার সহযোগীরা। এ সময় জামায়াতের কর্মী নাসির উদ্দিন চৌধুরীকে অচেতন অবস্থায় ফেলে রেখে যান তারা। পরে তাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসকরা।
ছাত্রশিবিরের পৌর সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও মামলা সূত্রে জানা গেছে, পাথরঘাটা পৌরসভার সামনে ছাত্রদল নেতা অমিত হাসান শুভর অনুসারীরা এসে ছাত্র শিবিরের ছেলেদেরকে মেয়ে উত্যক্তের মিথ্যা অভিযোগ দিয়ে তর্কে জড়ায়। বিষয়টি শিবিরের ছেলেরা প্রমাণ করতে বললে তারা বলেন তাদের বড় ভাই শুভ এসে সমাধান করবেন। কিছুক্ষণ পরে শুভ আসলে শিবির ও ছাত্রদলের ছেলেরা আবারো তর্কে জড়ান। পরে বিষয়টি সমাধানের জন্য থানার পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যান। এর কিছুক্ষণ পরেই আলামিন, বাইজিদ, মাহাবুব, শাওনসহ একাধিক ব্যক্তি মোটরসাইকেলে দেশীয় অস্ত্র মহড়া করেন। পরে পাথরঘাটা পৌর জামায়াতের আমীর মো. বজলুর রহমানের ফার্মেসিতে হামলা চালায়। এসময় পাথরঘাটা বাজারের মুরগি ব্যবসায়ী ও জামাতের কর্মী নাসিরুদ্দিনকে কুপিয়ে রক্তাক্ত যখন করে।
অভিযুক্ত ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক অমিত হাসান শুভ জানান, তাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে এ বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানেন না। উল্টো রাতে তার উপরে হামলা হয়েছে। সে রাজনীতি করেন তাই হয়তো কেউ ফাঁসানোর চেষ্টা করছে বলে জানান তিনি।
পাথরঘাটা উপজেলা জামাতের আমির মাওলানা মাসুদুল আলম জানান, জামায়াতের পৌর আমীর মাওলানা বজলুর রহমান ও নাসির উদ্দিনের উপরে হামলা করেছে। আমাদের কর্মী নাসিরুদ্দিন এখন মৃত্যু শয্যায়। যারা কুপিয়েছে সেই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা থানায় মামলা করেছি।
পাথরঘাটা পৌর বিএনপি'র সদস্য সচিব ইসমাইল শিকদার সাংবাদিকদের বলেন, “পৌর শহরের ছাত্রশিবির ও ছাত্রদলের একটি মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে থানায় সালিশ মীমাংসার জন্য বসেছিলাম। এ সময় জামাত ইসলামের কর্মীকে কারা কুপিয়েছে তা আমাদের জানা নেই।”
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “মারামারির ঘটনা নিয়ে থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে শহরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করলে পুলিশ ও নৌবাহিনীর টহল জোরদার করা হয়েছে।”