প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ড. হাসান মোহাম্মদ স্মরণে চবিতে স্মারক বক্তৃতা
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৪:২৫ পিএম

প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ড. হাসান মোহাম্মদকে স্মরণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এক স্মারক বক্তৃতা অনুষ্ঠান।
আজ মঙ্গলবার (৮ জুলাই) সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল- “ইসলামের বিশ্বায়ন, বাংলাদেশ ও আমাদের জাতিসত্তা”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
অনুষ্ঠানে মূল বক্তৃতা প্রদান করেন গবেষক, লেখক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান। তিনি তার বক্তব্যে ড. হাসান মোহাম্মদের চিন্তা ও গবেষণাকে বাংলাদেশের ইসলামি ভাবনা ও জাতিসত্তা বিকাশে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
প্যানেল আলোচনায় অংশ নেন রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ভূঁইয়া মো. মনোয়ার কবির এবং লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ। তারা ড. হাসান মোহাম্মদের জীবন, কর্ম ও আদর্শ নিয়ে স্মৃতিচারণ করে বলেন, তার অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. এ. কে. এম. মাহফুজুল হক (মাহফুজ পারভেজ) এবং সঞ্চালনায় ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক এ. জি. এম. নিয়াজ উদ্দিন। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. মো. এনায়েত উল্লাহ পাটোয়ারী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন প্রয়াত রাষ্ট্রবিজ্ঞানীর সন্তান ড. ফুয়াদ হাসান।
বক্তারা বলেন, “এ ধরনের উদ্যোগ শিক্ষাঙ্গনে চিন্তার বিকাশ এবং একাডেমিক চর্চাকে আরও সমৃদ্ধ করবে।”
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহীদুল হক এবং শেষ পর্বে দোয়া পরিচালনা করেন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন মিঝি।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়।
স্বদেশ প্রতিদিন/ এমএএম