প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৪:২৮ পিএম আপডেট: ০৮.০৭.২০২৫ ৪:৩১ PM

বান্দরবানে ৬ দফা দাবিদে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন বান্দরবান জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
এ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা শাখার আহ্বায়ক রমিজ উদ্দিন, সদস্য সচিব উখ্যসিং খেয়া, সদস্য সুজলা চাকমা, সৈয়দ খালিদ মাহমুদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘১৯৭৯ সাল থেকে ইপিআই কর্মসূচির আওতায় দুর্গম পাহাড়ি এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন স্বাস্থ্য সহকারীরা। দীর্ঘদিন ধরে ১৬ তম গ্রেডে চাকরি করলেও এখনো পর্যন্ত তাদের গ্রেডে উন্নীত করা হয়নি। অথচ সরকারের অন্যান্য দপ্তরে একই গ্রেডের কর্মচারীরা পদোন্নতি পেয়েছেন।’
বক্তারা আরও বলেন, ‘এটি সুস্পষ্ট বৈষম্য ও চরম অবমূল্যায়নের শামিল। ইন-সার্ভিস ডিপ্লোমাধারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের ১১ তম গ্রেডে উন্নীত করার দাবি জানান তারা।’
একইসঙ্গে কেন্দ্র ঘোষিত ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারা। এ অবস্থান কর্মসূচিতে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সামনে জেলায় কর্মরত শতাধিক স্বাস্থ্য সহকারীরা অংশগ্রহণ করেন।
স্বদেশ প্রতিদিন/এমএম