বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সহ-মুখপাত্র, সনাতন বিদ্যার্থী সংসদ বাংলাদেশের সাবেক সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষক ড. কুশল বরণ চক্রবর্তীকে লাঞ্চনার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট।
শুক্রবার (৪ জুলাই) রাত নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যের পাদদেশে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, গত বছর ২৬ নভেম্বর হেফাজতে ইসলামের কর্মী এনামুল হক চৌধুরী চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের হামলার শিকার হন। এসময়ে তিনি কিরিচের কোপে মাথায় গুরুতর জখম হন এবং তার ডান হাত ভেঙে যায়। এ ঘটনায় বাদী হয়ে তিনি গত ৮ ডিসেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে চিন্ময় কৃষ্ণকে প্রধান আসামি করে ১৬৪ জনের নামে মামলার আবেদন করেন। এই মামলার ২০তম আসামি কুশল বরণ চক্রবর্ত্তী।
শুক্রবার দুপুরে হত্যাচেষ্টা মামলার আসামি সহকারী অধ্যাপক ড. কুশল বরণ চক্রবর্ত্তীর পদন্নোতিতে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বোর্ড বসায় আন্দোলন করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিয়ে উপাচার্য, দুই উপ-উপাচার্য ও প্রশাসনিক কর্মকর্তাদের অবরুদ্ধ করে। পরে বোর্ড বাতিলের পর তালা খুলে দেয় আন্দোলনকারীরা।
আরও পড়ুন
এ বিষয়ে বাংলাদেশ সনাতন পার্টির মুখপাত্র অ্যাডভোকেট সুমন কুমার রায় বলেন, ড. কুশলকে যে মামলার ঘটনায় আসামি করা হয়েছে তখন তিনি আমাদের সাথে শাহবাগে আন্দোলনে ছিলেন। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
তিনি আরও বলেন, আজ দুপুরে ড. কুশলকে মৌলবাদীরা লাঞ্চিত করেছে। একজন শিক্ষককে কেউ এভাবে লাঞ্চিত করতে পারে না। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
স্বদেশ প্রতিদিন/এনআর