প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১:০৮ পিএম

মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থান থেকে লোকজন সংগ্রহ করে টেকনাফে আটকে রাখার পর গভীর সমুদ্রে ট্রলারে জিম্মি করার অভিযোগ উঠেছে একটি মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, ট্রলারে ৭২ জনকে আটকে রেখে প্রত্যেকের কাছে প্রায় ৫০ লাখ টাকা করে মুক্তিপণ চাওয়া হয়। টাকা দিতে না পারলে নির্যাতন ও সাগরে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হতো। একপর্যায়ে নির্যাতনের প্রতিবাদে প্রতিরোধ গড়ে তুলে ট্রলারের নিয়ন্ত্রণ নেন কয়েকজন যাত্রী। শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ট্রলারটি কক্সবাজারের শৈবাল পয়েন্টে পৌঁছালে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করে পুলিশ ও কোস্টগার্ড। উদ্ধার হওয়া ব্যক্তিদের অভিযোগ, তাদের সঙ্গে থাকা সাতজনকে সাগরে ফেলে দেওয়া হয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, কাজের প্রলোভন কিংবা বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে তাদের টেকনাফে নিয়ে বিভিন্ন স্থানে আটকে রাখা হয়। পরে ছোট নৌকায় করে গভীর সমুদ্রে বড় ট্রলারে তোলা হয়। সেখানে মোবাইল ফোন কেড়ে নেওয়া, মারধর, খাবার সংকট ও পরিবারের কাছে মুক্তিপণ চাওয়ার ঘটনা ঘটে। কয়েকজন ভুক্তভোগী জানান, অস্ত্রধারীদের সঙ্গে সংঘর্ষের পর তারা ট্রলারের নিয়ন্ত্রণ নিয়ে কক্সবাজারের দিকে রওনা হন। এ সময় দালালচক্রের সদস্যরা পালিয়ে যায় বলে তাদের দাবি।
স্বজনদের অভিযোগ, অপহরণের পর পরিবারের কাছেও ফোন করে টাকা দাবি এবং টাকা না দিলে হত্যা বা অন্য দালালদের হাতে তুলে দেওয়ার হুমকি দেওয়া হয়। ভুক্তভোগী ও স্বজনেরা অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, উদ্ধার হওয়া ২৮ জনের কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের পর আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি