প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ১১:২৯ পিএম

ফাইল ছবি
চলতি জুলাই মাসের যেকোনো সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। এক্ষেত্রে জুলাই ও আগষ্ট মাসের একাডেমিক ক্যালেন্ডার বিবেচনায় নিয়ে নির্বাচনের তারিখ ঠিক করা হতে পারে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক সূত্রে জানা গেছে, ডাকসু নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে এরইমধ্যে মতামত জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল ছাত্রসংগঠন ও অংশীজনেরা। এক্ষেত্রে জুলাই ও আগষ্ট মাসের একাডেমিক ক্যালেন্ডার বিবেচনায় রেখে জুলাইয়ে তফসিল ও তফসিল ঘোষণার ৩৬ কর্মদিবসের মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় ডাকসুর নির্বাচন কমিশন।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক ছাত্রনেতা বলেন, আমরা ৫ আগষ্ট পরবর্তী শনিবারে নির্বাচন আয়োজনের সুপারিশ করেছি। নির্বাচন কমিশন আরেকটু সময় চেয়েছেন। এক্ষেত্রে, আগষ্টের শেষ সপ্তাহে অথবা সেপ্টেম্বরের শুরুতে ডাকসুর ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।
জানা গেছে, এবারের ডাকসু নির্বাচনে বেশ কিছু নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবারই প্রথম ডাকসু নির্বাচনে ব্রেইল পদ্ধতিতে ব্যালট পেপার ছাপানো হবে। পাশাপাশি, শারীরিকভাবে অক্ষম ভোটারদের জন্য থাকবে হুইলচেয়ারের ব্যবস্থা। এছাড়াও, হলে ভোটকেন্দ্র না করে কেন্দ্রীয়ভাবে ভোটকেন্দ্র স্থাপনের কথা ভাবছে নির্বাচন কমিশন।
পাশাপাশি, এবারের নির্বাচনে প্রার্থীদের খরচ সীমিত রাখার চিন্তাভাবনা চলছে। একইসাথে, নির্বাচনে থাকছে না কোন পোস্টার। প্রার্থীদের কেবল লিফলেটের মাধ্যমে প্রচারকার্য চালাতে হবে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন বলেন, আমরা অংশীজনদের প্রস্তাবনার আলোকে বেশ কিছু সুপারিশ করেছি। বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পেলে এগুলো বাস্তবায়িত হবে। আমরা আনুষাঙ্গিক সকল কার্যক্রম সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে চাই।
স্বদেশ প্রতিদিন/এনআর