প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৪:২৯ পিএম

চামচ, পাথর, কাঠ কিংবা গিটার- সবকিছুই যেন চুম্বকের মতো লেগে থাকে তার শরীরে। এ কারণে ইরানের আবুল ফজল মোখতারী পেয়েছেন ‘চুম্বক পুরুষ’-এর খেতাব। শুধু তাই নয়, এই অদ্ভুত ক্ষমতার জন্য তিনি টানা তিনবার গড়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, মোখতারীর মুখ ও পেটজুড়ে লেগে আছে ডজনখানেক চামচ। তিনি জানান, ছোটবেলা থেকেই তার শরীরে জিনিসপত্র এমনভাবে লেগে থাকত, যা দেখে আশপাশের সবাই অবাক হয়ে যেত।
মোখতারীর ভাষ্য অনুযায়ী, এক চিকিৎসক তাকে বলেছিলেন- তার শরীরের ইলেকট্রন সঞ্চালনের একটি বিশেষ ক্ষমতা আছে। তিনি শরীর থেকে বস্তুগুলোতে ইলেকট্রন সরবরাহ করেন, ফলে তা আকর্ষিত হয়ে তার গায়ে আটকে থাকে।
তিনি আরও জানান, যখন তিনি শরীর ঢেকে রাখেন না, তখন এই ক্ষমতা আরও বেশি কার্যকর হয়। সে কারণে অনেক সময় পোশাক না পরে বিভিন্ন জিনিস শরীরে লাগিয়ে রেকর্ড গড়েন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যমতে, মোখতারী প্রথমবার ২০২২ সালে ৮৫ টি চামচ শরীরে লাগিয়ে বিশ্বরেকর্ড গড়েন। ২০২৩ সালে নিজের রেকর্ড নিজেই ভেঙে ৮৮টি চামচ লাগান। সবশেষ ২০২৪ সালের জানুয়ারিতে ৯৬ টি চামচ শরীরে লাগিয়ে তৃতীয়বারের মতো গিনেস বুকে নিজের জায়গা করে নেন তিনি।
বিশ্বজুড়ে অনেকে তার এই ক্ষমতাকে ‘অবিশ্বাস্য’ বলে মনে করলেও, মোখতারীর জন্য এটি একটি গর্বের বিষয়। তার এই ব্যতিক্রমী দক্ষতা তাকে এনে দিয়েছে আন্তর্জাতিক খ্যাতি।
স্বদেশ প্রতিদিন/এমএম