প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১:১৭ পিএম

যুক্তরাষ্ট্রে ভিসা বা অবস্থানের অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করলে বহিষ্কারের পাশাপাশি ভবিষ্যতে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি। এ বিষয়ে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
শনিবার (২১ নভেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে অবস্থানের নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশটি থেকে বহিষ্কার করা হতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আসতে পারে।
এর আগে গত ৯ নভেম্বর ভিজিটর ভিসার নিয়মকানুন মেনে চলার বিষয়ে আবেদনকারীদের সতর্ক করেছিল দূতাবাস। ওই বার্তায় বলা হয়, ভিসার শর্ত যথাযথভাবে অনুসরণ করা হবে—এ বিষয়ে কনস্যুলার কর্মকর্তারা সন্তুষ্ট না হলে আবেদন প্রত্যাখ্যান করতে পারেন। ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব আবেদনকারীর নিজের উল্লেখ করে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্ধারিত শর্ত ও অনুমোদিত অবস্থানের সময়সীমা মেনে চলার আহ্বান জানিয়েছে দূতাবাস।
স্বদেশ প্রতিদিন/এস পি