প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১১:৪৮ পিএম

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে এ বছর জুলাইয়ের প্রথম দিনেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ২০২৪ সালের জুলাই মাসে প্রথমে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন শুরু হয়। এরপর জুলাইয়ের মাঝামাঝিতে, বিশেষ করে আবু সাঈদকে হত্যার পর কোটা বিরোধী আন্দোলন বৈষম্যবিরোধী আন্দোলনে রূপ নেয় এবং সকল শ্রেণি-পেশার মানুষ এই আন্দোলনে অংশ নিয়ে গণঅভ্যুত্থান ঘটিয়ে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে উৎখাত করে নতুন বাংলাদেশ গড়ে তোলে। এই আন্দোলনে বহু মানুষ শহীদ হয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন। বহু মানুষের ত্যাগের বিনিময়ে আমরা আজ যে বাংলাদেশ পেয়েছি।
তিনি আরো জানান, আজ বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে তা যেন স্থায়ী হয়—সে বিষয়ে আপনাদের প্রতি আমার আহ্বান। জুলাই-আগস্টের চেতনাকে ধারণ করে আমরা আমাদের কাজের মাধ্যমে বৈষম্যবিরোধী একটি সুন্দর বাংলাদেশ গড়ব।
এসময় তিনি জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রয়োজনীয় সার্বিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এছাড়া, দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ডিনবৃন্দ, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম।
স্বদেশ প্রতিদিন/এনআর