প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫, ৭:৫৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মোট শিক্ষার্থীর ৫২ শতাংশই হলো নারী। ঢাবিতে মোট ১৮টি হল থাকলেও ছাত্রীদের জন্য রয়েছে কেবল পাঁচটি হল। তার ওপর হলগুলোতে রয়েছে বেশ কিছু অদ্ভুত নিয়ম, যা শিক্ষার্থীদের নিত্যনৈমিত্তিক ভোগান্তিতে ফেলছে।
সম্প্রতি ঢাবিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নারী শিক্ষার্থীরা ভর্তি হতে এসে হলে গিয়ে পড়ছে বিড়ম্বনায়। অনেক নারী শিক্ষার্থীর সাথে তাদের অভিভাবকগন আসলেও তারা হলে প্রবেশ করতে পারছেন না। এতে হলগেটে তৈরী হচ্ছে অভিভাবকদের দীর্ঘ লাইন।
এছাড়াও, হলের অনাবাসিক শিক্ষার্থীরাও হলে প্রবেশে ভোগান্তির স্বীকার হচ্ছেন। অনেকে অসুস্থতা কিংবা জরুরী কোন প্রয়োজনে হলে থাকতে চাইলেও নিয়মের বেড়াজালে আটকে অনুমতি পাচ্ছেন না।
তাই, নারী হলের শিক্ষার্থীদের এসব সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনেকে তিন দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেছে সামাজিক সংগঠন একশন ফর কমিউনিটি ট্রান্সফরমেশন (এক্ট)।
রবিবার (২৯ জুন) ঢাবির পাঁচ নারী হলের এক্টের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টরের কাছে এই স্মারকলিপি প্রদান করে।
এ বিষয়ে এক্টের প্রতিনিধি ঢাবির মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাফিসা ইসলাম সাকাফি বলেন, "নারী শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে মা-বোনকে এবং অনাবাসিক শিক্ষার্থীদের হলে সাময়িক অবস্থানের সুযোগ ও অন্যান্য সুবিধা প্রদানের জন্য নিয়ম শিথিল করার দাবি জানানো হয়েছে। এতে ভিসি স্যার ও প্রক্টর স্যার কার্যকর উদ্যোগ গ্রহণ করবে বলে আশ্বস্ত করেছেন।"
আরেক প্রতিনিধি রোকেয়া ঈশিতা এনাম বলেন,২০১৮ সালের দিকে মা বোনদের জরুরি প্রয়োজনে বিশ্রামের অনুমতি ছিলো। এখন এ সুযোগ না দেওয়া প্রশাসনের গাফেলতি।অনাবাসিকদের কার্ড দেখানো সাপেক্ষে ঢুকতে দিতে হবে। কারণ তারা হলের সিট থেকে বঞ্চিত, দূর থেকে এসে ক্যাম্পাসে খাবার, বিশ্রাম এবং নামাজের পরিবেশ পায় না।"
তাদের দাবিগুলো হলো: হলে অবস্থানরত নারী শিক্ষার্থীর মা কিংবা বোনকে জরুরি প্রয়োজনে হলে সাময়িক অবস্থানের সুযোগ দিতে হবে, অনাবাসিক শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে (যেমন: পরীক্ষা, অসুস্থতা) নির্দিষ্ট ফি প্রদানের মাধ্যমে হলে সাময়িক অবস্থানের সুযোগ দিতে হবে এবং নারী শিক্ষার্থীদের নির্দিষ্ট কার্ড চেকের মাধ্যমে মেয়েদের প্রত্যেক হলে প্রবেশের অনুমতি প্রদান করতে হবে।
স্বদেশ প্রতিদিন / কেআইকে