শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কাঠ-কাগজে তৈরি ‘জিয়াবাড়ি’ প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চান কাওছার      ● কুড়িগ্রামে বদলির আদেশ স্থগিতের পরও স্কুলে ফেরেননি ১২ শিক্ষক, ইউএনওর সতর্কতাও উপেক্ষা      ● বিভিন্ন কর্মসূচীতে পালিত মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মদিন      ● জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান      ● কুস্তি চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ্য আনসার ও ভিডিপি: দাপটের সাথে ঐতিহাসিক দ্বিমুকুট জয়      ● বেড়ায় সাংবাদিককে ফোনকল সহ ক্রমাগতভাবে কুপিয়ে জবাই ও গুলি করে হত্যা হুমকি      ● যমুনার চরে পতিত জমিতে শসা চাষ      ● ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের      ● বিচারবহির্ভূত হত্যা-গুমের পথে যায়নি সরকার: আইনমন্ত্রী      ● উৎপাদন খরচও উঠছে না পেঁয়াজে      ● শেখ হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর ভূমিকা চায় দিল্লি      ● ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৩৪      
কাঠ-কাগজে তৈরি ‘জিয়াবাড়ি’ প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চান কাওছার
লতিফুর রহমান, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৩:২৩ পিএম

সাধারণ কাঠ, কাগজ, হার্ডবোর্ড আর কার্ডবোর্ডের টুকরো দিয়ে নিপুণ হাতে একটি ঐতিহাসিক স্থাপনার ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করেছেন গাইবান্ধার সুন্দরগঞ্জের তরুণ মো. কাওছার আলী। তার হাতে তৈরি শিল্পকর্মটি দেখতে অনেকটা বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক নিবাস ‘জিয়াবাড়ি’র মতো।

কাওছারের কাছে এটি কেবল একটি ক্ষুদ্র স্থাপনার প্রতিরূপ নয়, বরং তার সৃজনশীলতা, ধৈর্য ও স্বপ্নের প্রতিফলন। ইউটিউবে স্থাপনাটির ছবি দেখে তিনি অনুপ্রাণিত হন। প্রায় এক মাসের পরিশ্রমে এটি তৈরি করেন তিনি। তবে এই তরুণ শিল্পী নিজের হাতে তৈরি এই ক্ষুদ্র ‘জিয়াবাড়ি’ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে উপহার হিসেবে তুলে দিতে চান।

সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের কিশামত সর্বানন্দ গ্রামের কাপড় ব্যবসায়ী মো. নুরুল ইসলামের ছেলে কাওছার আলী রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি ঘরের এক কোণে শুরু করেছিলেন ক্ষুদ্র শিল্পকর্ম তৈরির কাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে তার তৈরি বিভিন্ন স্থাপনার ছবি ছড়িয়ে পড়লে সেগুলোর প্রতি মানুষের আগ্রহ বাড়ে। ধীরে ধীরে মিনি আর্ট তৈরি ও বিক্রি তার শখের পাশাপাশি আয়ের পথ হয়ে ওঠে।

এর আগে তিনি গ্রামীণ বসতবাড়ি, চায়ের দোকান, মুদি দোকান ও পাঠাগারের ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করে প্রশংসা পেয়েছেন। শখের বসে শুরু করা এই কাজ এখন তার আত্মনির্ভরতারও একটি মাধ্যম। নিজের তৈরি মিনি আর্ট বিক্রি করে পড়াশোনার খরচ মেটানোর পাশাপাশি পরিবারকেও সহযোগিতা করছেন তিনি।

কাওছার জানান, প্রায় এক মাস আগে ইউটিউবে বগুড়ার গাবতলীর বাগবাড়িতে অবস্থিত ঐতিহাসিক জিয়া পরিবারের পৈতৃক নিবাসের ছবি দেখে তিনি ক্ষুদ্র প্রতিরূপটি তৈরির পরিকল্পনা করেন। এরপর নিজের জমানো টাকা ও বাবার সহযোগিতায় কাঠ, হার্ডবোর্ড, কার্ডবোর্ড, কাগজ, প্লাস্টিক, আঠা ও রং সংগ্রহ করেন। শুরু হয় নির্মাণকাজ। প্রতিটি অংশের অবয়ব ফুটিয়ে তুলতে দীর্ঘ সময় ধরে কাজ করেন তিনি। প্রায় এক মাসের প্রচেষ্টায় তৈরি হয় তার কাঙ্ক্ষিত ক্ষুদ্র ‘জিয়াবাড়ি’। শিল্পকর্মটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই এটি দেখতে কাওছারের বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ। কেউ কাছ থেকে এর কারুকাজ দেখছেন, কেউ আবার স্মৃতি ধরে রাখতে ছবি তুলছেন। তাদের আগ্রহ ও প্রশংসা কাওছারকে নতুন করে অনুপ্রাণিত করছে।

কাওছার বলেন, ‘আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হলো, নিজের হাতে তৈরি এই ক্ষুদ্র জিয়াবাড়িটি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া। তিনি যদি আমাকে একটু সময় দেন, তাহলে আমার দীর্ঘ পরিশ্রমে তৈরি এই শিল্পকর্মটি তার হাতে তুলে দিতে পারব। এতে আমার শিল্পীজীবনের কষ্ট সার্থক হবে। এটিই হবে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।’

ছেলের সৃজনশীলতায় খুশি বাবা মো. নুরুল ইসলামও। তিনি বলেন, ‘কাপড়ের ব্যবসা করে সংসার চালানোর পাশাপাশি ছেলের শখ ও প্রতিভাকে এগিয়ে নিতে সাধ্য অনুযায়ী সহযোগিতা করছি। ছেলের শখের কাজ দেখে আমরা সবসময় তাকে উৎসাহ দিয়েছি। আজ সে তার সৃজনশীলতা দিয়ে সবার নজর কেড়েছে। সরকারি ও উচ্চপর্যায়ের পৃষ্ঠপোষকতা পেলে সে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে।’

কাওছারের এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীরাও। সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব মো. মাহামুদুল ইসলাম প্রামানিক বলেন, ‘কাওছার আলী আমাদের সুন্দরগঞ্জের একজন মেধাবী ও সম্ভাবনাময় তরুণ। জিয়াবাড়ির যে ক্ষুদ্র প্রতিরূপ সে তৈরি করেছে, তা সত্যিই প্রশংসনীয়। তার এই সৃজনশীল উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। প্রধানমন্ত্রীর কাছে তার তৈরি শিল্পকর্মটি পৌঁছে দিতে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।’

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকও কাওছারের শিল্পকর্মের প্রশংসা করেছেন। তিনি তরুণ এই শিল্পীকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ কিছু সৃষ্টি করার এই প্রচেষ্টা কাওছারের স্বপ্নকে আরও বিস্তৃত করেছে। পড়াশোনার পাশাপাশি নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে আত্মনির্ভর হওয়ার পথে এগিয়ে চলেছেন তিনি। এখন তার প্রত্যাশা, নিজের হাতে গড়া ক্ষুদ্র ‘জিয়াবাড়ি’ একদিন পৌঁছে যাবে প্রধানমন্ত্রীর হাতে। সেই সুযোগ পেলে ব্যক্তিগত স্বপ্ন পূরণের পাশাপাশি তার শিল্পকর্মও পাবে নতুন পরিচিতি।









স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  গাইবান্ধা   সুন্দরগঞ্জ   কাওছার আলী   জিয়াবাড়ি   মিনি আর্ট   ক্ষুদ্র শিল্পকর্ম   তারেক রহমান   সৃজনশীলতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close