প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৩:৩৬ পিএম

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে সংসদ সদস্যের গাড়িবহরসহ ১০টি যানবাহনের সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক রয়েছে। দুর্ঘটনায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি অক্ষত রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর একের পর এক অন্য যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। এতে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
এ ঘটনায় রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে নির্বাচনি এলাকায় যাওয়ার পথে দুর্ঘটনাকবলিত হন বলে জানা গেছে।
স্বদেশ প্রতিদিন/এস পি