প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫, ৮:০৭ পিএম আপডেট: ২৯.০৬.২০২৫ ১০:০৮ PM

টাঙ্গাইলের কান্দাপাড়া যৌনপল্লীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এখনও দাঁড়ায়নি কেউ- এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
গত শনিবার (২৮ জুন) সকালে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনে ২২টি ঘর ভস্মীভূত হয়। ঘটনার পর একদিন পেরিয়ে গেলেও সরকারি বা বেসরকারি কোনো ত্রাণ বা সহায়তা পাননি ক্ষতিগ্রস্ত যৌনকর্মীরা।
আরও পড়ুন
অগ্নিকাণ্ডে ঘরহারা হওয়া সালমা, শান্তা, মল্লিকা ও সাহারা সহ বেশ কয়েকজন যৌনকর্মী চোখে জল নিয়ে বলেন, ‘মাথার ওপর খোলা আকাশ, বৃষ্টিতে ভিজেছি, মশার কামড়ে ঘুম হয়নি। নিজের কাপড় নিজের গায়ে শুকিয়েছি। কেউ জিজ্ঞেসও করেনি কেমন আছি।’
অগ্নিকাণ্ডের সময় তাদের ঘরের সঙ্গে সঙ্গে পুড়ে গেছে জীবনের সঞ্চয়। এখন খাবার, পোশাক, এমনকি ঘুমানোর বিছানাও নেই। অনেকে অর্ধাহারে বা না খেয়ে দিন কাটাচ্ছেন, রাত কাটাচ্ছেন অন্যের করুণায়।
টাঙ্গাইল নারী মুক্তি সংঘের সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম বলেন, ‘ঘরপোড়া মেয়েদের পড়নের কাপড় পর্যন্ত নেই। নগদ টাকা, খাবার, এমনকি ঘুমানোর জায়গাও নেই। আমরা নিজেরা কিছু টাকা তুলে একসেট জামাকাপড়, বিছানাপত্র ও ডালভাতের ব্যবস্থা করেছি, তবে এতে কতদিন চলবে?’
তিনি জানান, জেলা প্রশাসকের অফিস থেকে একজন কর্মকর্তা এসে নামের তালিকা নিয়ে গেছেন, কিন্তু ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কেউ কিছুই পায়নি।
রবিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেকে ঘরের ছাইয়ের পাশে বসে কাঁদছেন, কেউবা নতুন কাউকে দেখলেই জানতে চাইছেন, ‘কোন সাহায্য আসবে কি না?’ তাদের একটাই প্রশ্ন-‘আমরা এখন কোথায় থাকবো? কি খাবো?’
আরও পড়ুন
শনিবার সকালে টাঙ্গাইল পৌরসভার কান্দাপাড়া যৌনপল্লীতে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ২২টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
স্বদেশ প্রতিদিন/এমএম