প্রকাশ: রবিবার, ২৯ জুন, ২০২৫, ৬:৪৩ পিএম আপডেট: ২৯.০৬.২০২৫ ৯:১৫ PM

বান্দরবানের থানচি উপজেলার বলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ২৭০ জন প্রান্তিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করেছে বলিপাড়া জোন (৩৮ বিজিবি)।
আরও পড়ুন
রোববার (২৯ জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বলিপাড়া জোনের কমান্ডার লে. কর্নেল মো. জহিরুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিজিবি’র বান্দরবান সেক্টরের আওতাধীন বলিপাড়া জোনের (৩৮ বিজিবি) উদ্যোগে বলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন শ্রেণির ২৭০ জন শিক্ষার্থীর মাঝে খাতা, কলম, ইরেজার, পেন্সিল ও চকলেট বিতরণ করা হয়।
উপকরণ বিতরণের সময় উপস্থিত ছিলেন বলিপাড়া জোনের কমান্ডার লে. কর্নেল মো. জহিরুল ইসলাম।
এসময় তিনি শিক্ষার্থীদের হাতে জাতীয় পতাকা তুলে দেন। এছাড়া উপস্থিত ছিলেন বলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, ‘সুশিক্ষিত প্রজন্মই একটি দেশের প্রকৃত সম্পদ। বিজিবি সীমান্ত সুরক্ষা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি সবসময় দেশের মানুষের কল্যাণে নিয়োজিত ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এ উদ্যোগের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের এ অঞ্চলে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ ও আত্মবিশ্বাস তৈরি হবে।’
আরও পড়ুন
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব। পড়ালেখার পাশাপাশি দেশপ্রেম ও নৈতিক শিক্ষার গুরুত্ব বোঝাতে শিক্ষক-শিক্ষার্থী সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’
শেষে তিনি জানান, বিজিবির পক্ষ থেকে এমন সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/এমএম